আসল ম্যাচের আগে জিতল দুদলই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার চতুর্থ মিনিটেই রিয়াল মাদ্রিদের জালে বল পাঠালেন রাদামেল ফ্যালকাও। মনে হলো, এইবার বুঝি অন্য রকম কিছুই ঘটতে যাচ্ছে। অ্যাটলেটিকো মাদ্রিদ নগরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে এই শতাব্দীতেই কোনো ম্যাচ জেতেনি—এই কথা শুনে শুনে নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছে তাদের কান। এইবার বুঝি লেখা হবে অন্য ইতিহাস! অবসান হবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে একটা জয়ের জন্য অ্যাটলেটিকোর ১৪ বছরের অপেক্ষার!কিন্তু রিয়ালের ‘দ্বিতীয় একাদশ’ই মাদ্রিদ ডার্বি জিতিয়ে দিল। আরও নির্দিষ্ট করে বললে জেতালেন সদ্যই বাবা হওয়া অ্যাঙ্গেল ডি মারিয়া। রিয়ালের দুটি গোলের একটির পাশে তাঁর নাম। আর্জেন্টাইন উইঙ্গারের নাম থাকতে পারত অন্যটিতেও। ১৩ মিনিটে হুয়ানফ্রানের আত্মঘাতী গোলটার উৎস তাঁর অদ্ভুতুড়ে ফ্রি-কিকই। সেই গোলটা থেকে ‘বঞ্চিত’ হলেও ডি মারিয়া শেষ পর্যন্ত ৬৩ মিনিটে নিজস্ব গোল দিয়েই পিতৃত্বটাকে উদ্যাপন করতে পারলেন। অ্যাটলেটিকোর চেয়ে রিয়াল কম সুযোগ তৈরি করেছে বটে, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করে শুধু বার্সার সঙ্গেই ব্যবধান কমায়নি, তিনে থাকা অ্যাটলেটিকোর সঙ্গেও ব্যবধান বানিয়ে নিয়েছে ৬ পয়েন্টে। এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো, ১৭ মে কোপা ডেল রের ফাইনালের জন্য মানসিক লড়াইয়ের রসদটাও পেয়ে গেল রিয়াল। এই অ্যাটলেটিকোর সঙ্গেই কাপের ফাইনাল। পরশু ম্যাচের ৩২টি ফাউল আর আটটি হলুদ কার্ড অবশ্য কিংস কাপের ফাইনালের ভালো বিজ্ঞাপন হলো না মোটেও।কোপা ডেল রে ফাইনালের জন্য আত্মবিশ্বাসের জ্বালানি মিললেও চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের জন্য রিয়াল কি প্রস্তুত? বার্সেলোনার চেয়ে রিয়ালের সমীকরণ তুলনামূলক সহজ। আগামীকাল নিজেদের মাঠে ৩-০ গোলে জিতলে মিলবে ফাইনালের টিকিট। কঠিন, কিন্তু একেবারে অসম্ভব নয়। তবে জার্মান লিগে ২-১ গোলে জিতে বরুসিয়া ডর্টমুন্ডও কিন্তু নিজেদের ঝালাই করেই মাদ্রিদে আসছে। ৮৮ মিনিটে গোলটা না খেলে ফরচুনা ডুসেলডর্ফের বিপক্ষে দ্বিতীয় একাদশ নিয়ে খেলেই ২-০ গোলে জিততে পারত ডর্টমুন্ড। ম্যাচ শেষে ডি মারিয়াও অ্যাটলেটিকোর বিপক্ষে জয়কে ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের বাড়তি প্রেরণা হিসেবে দেখালেন, ‘মঙ্গলবারের জন্য এই জয়টি আমাদের বাড়তি অনুপ্রেরণা হয়ে থাকবে, আশা করি ওই ম্যাচটিতে আমরা আকাঙ্ক্ষিত ফল পাব।’ লিগের আশাও রিয়াল ছাড়েনি, এমন নতুন তথ্যও দিলেন এই ২৫ বছর বয়সী। এই ম্যাচে গোলের জন্য মরিয়া হয়ে ছিলেন বলেও স্বীকার করলেন, ‘সত্যটা হলো আমার স্ত্রী আর কন্যাকে উৎসর্গ করার জন্য একটা গোলের খুব দরকার ছিল। সেটা আমি পেয়েছি।’পিছিয়ে পড়েও দল লড়াই করে জেতাটা তৃপ্তি দিচ্ছে আইতর কারাঙ্কাকে। রিয়ালের সহকারী কোচও জানান, এই জয় চ্যাম্পিয়নস লিগের জন্য প্রেরণা হবে তাঁদের। তবে এই জয় কিংস কাপের ফাইনালে তাদের বাড়তি সুবিধা এনে দেবে বলে মনে করেন না তিনি।বার্নাব্যুর কথা ভেবে সেমিফাইনালের প্রথম লেগের একাদশে দশটা পরিবর্তন করেছেন ইয়ুর্গেন ক্লপ। প্রথম লেগের নায়ক রবার্ট লেভানডফস্কি অবশ্য শেষ ২০ মিনিট খেলেছেন। কিন্তু গোল পাননি। ফলে লিগে তাঁর টানা ১২ ম্যাচে গোল করার রেকর্ডটাতে ছেদ পড়ল। তবে ক্লপ বলছেন, ‘এই রেকর্ড নিয়ে ম্যাচের আগে কথা বলেছি। আমি ওকে আশ্বস্ত করেছি, ও নিশ্চিত থাকতে পারে, আগামী ১০০ বছরেও এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না।’ এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।