আসল রোমাঞ্চ আজ থেকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাসেরও বেশি বিরতি শেষে অবশেষে আজ মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। মাঠে তো গড়িয়েছে পরশুই, তাহলে? ওই ম্যাচ তো আসলে ছিল প্রথম পর্বের গলার কাঁটা। ২৮ মার্চ আবাহনী-ভিক্টোরিয়ার যে ম্যাচ লিগটাকে থামিয়ে দিয়েছিল, সেটারই রিপ্লে হয়েছে পরশু। আজ একসঙ্গে মাঠে নামছে সুপার লিগের ছয় দল। মাঠের সংস্কারকাজের জন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা হবে না। ঢাকা লিগ তাই নিতে হয়েছে ঢাকার বাইরেও। বগুড়ায় মুখোমুখি হবে ভিক্টোরিয়া স্পোর্টিং ও গাজী ট্যাংক। ১২ ম্যাচে সমান ১৮ পয়েন্ট নিয়ে রানরেটের ব্যবধানে পয়েন্ট টেবিলের দুই ও তিনে আছে এই দুই দল। সুপার লিগের তলানিতে থাকা দুই দল মোহামেডান স্পোর্টিং ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে ফতুল্লায়। আর বিকেএসপির ২ নম্বর মাঠে আবাহনীর মুখোমুখি হবে শীর্ষে থাকা ওল্ড ডিওএইচএস।শিরোপার লড়াইয়ে নামার আগে অবশ্য বড় একটা ধাক্কা খেয়েছে ওল্ড ডিওএইচএস। কেন্ট লিগে ব্ল্যাকহিলের হয়ে খেলতে থাকায় প্রিমিয়ার লিগের বাকিটায় পাচ্ছে না তারা অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। এ নিয়ে একটু মনঃক্ষুণ্নও ক্লাব-কর্তারা। যাওয়ার আগে আশরাফুল নাকি বলে গিয়েছিলেন, লিগ শুরু হলেই ফিরে আসবেন। কিন্তু কোচ খালেদ মাহমুদকে আশরাফুল জানিয়েছেন, ব্ল্যাকহিথ তাঁকে ছাড়ছে না। ঠিক অভিযোগ না হলেও মাহমুদকে এই ব্যাখ্যায় খুব একটা খুশি মনে হলো না, ‘আশরাফুল আমাদের বলেছে, বিমান টিকিট দিলে ও ফেরার চেষ্টা করবে। কিন্তু চুক্তিতে এসব কিছু উল্লেখ না থাকায় আমরা দিতে পারিনি।’ আশরাফুল অবশ্য প্রথম আলোকে বলেছেন, ‘টিকিট পেলেও লাভ হতো না, কারণ ব্ল্যাকহিথ ছাড়তে রাজি হয়নি।’আশরাফুলের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ফয়সাল হোসেন। ডিওএইচএস অবশ্য বিদেশিদের দিয়ে দলের ভারসাম্য ঠিক রাখার চেষ্টা করছে। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার রোয়েলফ ফন ডার মারউইকে নিয়ে এসেছে তারা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং মিলিয়ে বেশ ভালো করারই কথা দিল্লি ডেয়ারডেভিলস অলরাউন্ডারের। আছে পাকিস্তানি ব্যাটসম্যান আদনান রাজা ও পাঞ্জাবের ব্যাটসম্যান উদয় কৌল। প্রতিপক্ষ আবাহনীতে আছেন দুই শ্রীলঙ্কান ব্য্যাটসম্যান থিলান কান্দাম্বি ও মাহেলা উদাওয়াত্তে। শিরোপা লড়াইয়ে নেই বলেই হয়তো বড় কোনো নামের দিকে ছোটেনি মোহামেডান, এনেছে তারা অখ্যাত তিন শ্রীলঙ্কানকে। শেখ জামালে তো কোনো বিদেশিই নেই!ভিক্টোরিয়ার হয়ে আগের ম্যাচেও খেলেছেন ভারতীয় স্পিনার ইকবাল আবদুল্লাহ। রবিকান্ত শুক্লাকে নিয়ে এলেও খেলাতে পারছে না নিবন্ধন জটিলতায়। ভিক্টোরিয়ার আজকের প্রতিপক্ষ গাজী ট্যাংকে আবার আছেন আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত দুই নাম ইয়াসির হামিদ ও দানিশ কানেরিয়া। বগুড়ায় খেলা হলেও ভিক্টোরিয়ার বড় দুই ভরসা কিন্তু কাল রাতেও ছিলেন ঢাকায়! কাল সন্ধ্যায় বনানীতে সেন্ট পিটার্স স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। কিন্তু আজকের ম্যাচও আবার খেলবেন দুজনই। কীভাবে, সেটা শোনালেন তামিম, ‘অনুষ্ঠানটায় থাকার অনুরোধ এড়ানোর উপায় ছিল না। স্কুলের প্রতিষ্ঠাতা কাল (আজ) সকালে আমাদের হেলিকপ্টারে করে বগুড়ায় পৌঁছে দেবেন।’ উড়ে গিয়ে দলকেও ওড়াবেন সাকিব-তামিম—ভিক্টোরিয়া চাইবে এটাই!