আসল লড়াইয়ের মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮৪ মিনিটে করা একমাত্র গোলের ঘাম ঝরানো জয়ে বিপদবার্তা পেয়েছে বার্সেলোনা। এই বিপদবার্তাকে আরও বড় করে তুলেছে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা বায়ার্ন মিউনিখ, হ্যানোভারকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে। বরুসিয়া ডর্টমুন্ডও হাত মকশো করে রেখেছে ২-০ গোলের জয়ে। রিয়াল মাদ্রিদও বেশ ভালো মহড়া দিয়ে রাখল চ্যাম্পিয়নস লিগের শেষ চারের প্রস্তুতির। রিয়াল বেটিসকে হারাল ৩-১ গোলে। চ্যাম্পিয়নস লিগের চার দলের পরশু রাতটা কাটল এমনই। মেসি থাকলে কী হয় আর না থাকলে কী হয়—সেটি আরেকবার স্পষ্ট বুঝল বার্সা। মেসি যত সহজে গোল করেন, দলের আক্রমণভাগের বাকি সবার জন্যই গোল যেন ততটাই দুর্লভ। গোল মেসির যতটা পোষমানা, বাকিদের জন্য ততটাই সোনার হরিণ। সেটা এদিনও বোঝালেন ডেভিড ভিয়া ১৭ মিনিটে পেনাল্টি মিস করে! আরও কয়েকবার সুযোগ নষ্ট করেছেন ভিয়া ও সেস ফ্যাব্রিগাস। নির্ধারিত সময়ের ছয় মিনিট আগে অবশেষে ফ্যাব্রিগাসই করেন স্বস্তির গোলটি। বার্সার ৩ পয়েন্ট পাওয়ার চেয়েও বড় পাওয়া এরিক আবিদালের পুরো ৯০ মিনিট ম্যাচ খেলা। শুধু তা-ই নয়, ভাষ্যকারদের চোখে ম্যাচের সেরা খেলোয়াড়ও ছিলেন ক্যানসারকে হারিয়ে মাঠে ফেরা আবিদাল। বার্সার রক্ষণভাগের এই দুর্দিনে আবিদালের ৯০ মিনিট খেলা টিটো ভিলানোভার জন্য বড় সুসংবাদ, সন্দেহ নেই।আগের ম্যাচে মেসুত ওজিলের জোড়া গোলে বেটিসকে হারিয়েছে রিয়াল। এই ওজিল গ্রুপ পর্বে ডর্টমুন্ডের বিপক্ষে ত্রাতা হয়ে দেখা দিয়েছিলেন রিয়ালের জন্য। সেই স্মৃতি ফিরে আসাতেই জার্মান মিডফিল্ডার যেন আরও উজ্জীবিত। দুই অর্ধের শেষে তাঁর দুটি গোল। মাঝখানে ৫৭ মিনিটে গোল করে বুধবারের ম্যাচে আবারও প্রথম একাদশে গঞ্জালো হিগুয়েইনকে দর্শক বানিয়ে ফেললেন করিম বেনজেমা। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে ২-১ করে ফেলেছিল বেটিস। তবে ড্রয়ের শঙ্কাটা শেষ পর্যন্ত সত্যি হতে দেয়নি রিয়াল। অবশ্য পয়েন্ট হারালেও তাদের খুব বেশি ক্ষতি যে হতো, এমনও নয়। লিগের আশা তারা ছেড়ে দিয়েছে সেই কবেই। এই ম্যাচে অবশ্য অনায়াস জয়ের পরও দুশ্চিন্তার ভাঁজ থেকে গেল হোসে মরিনহোর কপালে। মার্সেলো ও লুকা মডরিচ চোট পেয়ে চ্যাম্পিয়নস লিগের জন্য অনিশ্চিত হয়ে গেছেন।এবারের চ্যাম্পিয়নস লিগে তাদেরই কেন শিরোপার যোগ্য দাবিদার বলা হচ্ছে, সেটা বুঝিয়ে চলেছে বায়ার্ন। আগের ম্যাচে জার্মান কাপের সেমিফাইনালে ভলফসবুর্গকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে ইয়ুপ হেইঙ্কেসের দল। পরশু এই স্কোরলাইনেই লিগে জিতল বায়ার্ন। পার্থক্য কেবল কাপে হ্যাটট্রিক করেছিলেন মারিও গোমেজ। এদিন হ্যাটট্রিক না পেলেও জোড়া গোল করে জার্মান স্ট্রাইকার চোখ রাঙানি দিয়ে রাখলেন বার্সাকে। জোড়া গোল করেছেন ক্লদিও পিজারোও। আগের ম্যাচে আরিয়েন রোবেনের পর এ ম্যাচে ফ্রাঙ্ক রিবেরির গোল পাওয়াটাও বায়ার্নের জন্য সুসংবাদ। মেইঞ্জের বিপক্ষে একেবারে ম্যাচের প্রথম মিনিটে গোল দিয়ে শুরু করা ডর্টমুন্ড দ্বিতীয় গোলটি আবার পেয়েছে শেষ মুহূর্তে। শুরুতে মার্কো রিউসের পর ৮৭ মিনিটে ২-০ করেন রবার্ট লেভানডফস্কি।এভাবেই হয়ে গেল শেষ চারের মহারণের মহড়া। এবার আসল লড়াইয়ের অপেক্ষা। এএফপি, রয়টার্স।