আসলামকে মনে করালেন বেঞ্জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মরণীয় এক গোল করলেন এলিটা বেঞ্জামিন প্রথম আলো
স্মরণীয় এক গোল করলেন এলিটা বেঞ্জামিন প্রথম আলো

দুর্দান্ত ব্যাক বা সাইড ভলি থেকে গোল ঢাকার মাঠে অনেক দিন দেখা যায় না। সেটি কাল ফিরিয়ে আনলেন এলিটা বেঞ্জামিন। মুক্তিযোদ্ধার এই নাইজেরিয়ান ডিফেন্ডার মনে করিয়ে দিলেন আসলে শেখ মোহাম্মদ আসলামকে। সাবেক এই স্ট্রাইকারের ব্যাক-সাইড ভলি থেকে বেশ কটি গোল আছে ঢাকার মাঠে।
বেঞ্জামিনেরটা পুরোপুরি ব্যাক ভলি বলা যাবে না; সাইড ভলিও নয়। ৪৫ মিনিটে মারুফের কর্নারে বক্সের ভেতর থেকে ডান পায়ে অনেকটা বাইসাইকেল কিকের মতো করে গোল করলেন, মুক্তিযোদ্ধা এগিয়ে গেল ২-০ গোলে। বিজেএমসির বিপক্ষে মুক্তিযোদ্ধার ২-১ জয়ে বেঞ্জামিনের এই গোলটা অনেক দিন মনে রাখবে বঙ্গবন্ধু স্টেডিয়াম।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম জয় তুলল মুক্তিযোদ্ধা। কোচ শফিকুল ইসলাম মানিক তো খুবই উচ্ছ্বসিত বেঞ্জামিনকে নিয়ে, ‘অনুশীলনে সে মাঝে মাঝে এই ধরনের গোল করার চেষ্টা করে। আজকেরটা একটু বেশিই নিখুঁত হলো। আসলাম ভাই একসময় এমন গোল করতেন। সাম্প্রতিক সময় এ ধরনের গোল খুব কম দেখেছি।’
গত বছর মুক্তিযোদ্ধাতেই খেলেছেন বেঞ্জামিন (একই দলে এবার তাঁর বড় ভাই এলিটা কিংসলেও আছেন)। কোচ তাঁকে আক্রমণে উঠে কর্নার, ফ্রি-কিক এবং থ্রো নেওয়ার ছাড়পত্র দিয়েছেন। সেটি কাজে লাগিয়ে তাঁর দেওয়া এই গোলটা এ লিগে এখন পর্যন্ত অনেকের চোখে সেরা।
মুুক্তিযোদ্ধার পক্ষে লিগ জেতাটা সহজ নয়। তেমন লক্ষ্যের কথা বাড়াবাড়িই শোনাবে। প্রথম ম্যাচে তো মোহামেডানের সঙ্গে এগিয়ে থেকে শেষ সময়ে বিতর্কিত পেনাল্টিতে গোল খেয়ে ড্র করেছে। তবু এবারের ফেডারেশন কাপ ফাইনালিস্টদের লিগের শুরুটাকে ভালোই বলা উচিত। কাল ম্যাচের প্রথম গোলটা তারা পেল ৪ মিনিটে। বিপুলের কোনাকুনি শট বিজেএমসির গোলরক্ষক আরিফুলের হাতে লেগে জালে (১-০)।
৬১ মিনিটে নাইজেরিয়ান মিডফিল্ডার স্যামসন ইলিয়াসু মুক্তিযোদ্ধার গোলরক্ষক লিটনের মাথার ওপর দিয়ে বল পাঠিয়েছেন জালে ( ২-১)। কিন্তু ফেনী সকারকে হারিয়ে লিগ শুরু করা বিজেএমসিকে দ্বিতীয় ম্যাচে একটু এলোমেলো লাগল। দলে নাকি শৃঙ্খলা নেই!
সংবাদ সম্মেলনে বিজেএমসির ভারপ্রাপ্ত অধিনায়ক সাইফুল তো বলেই ফেললেন, ‘আমাদের দলে কোনো শৃঙ্খলা নেই। এটাই হারের কারণ।’ অনেক অনুরোধেও খোলাসা করলেন না সাইফুল, ‘আপনারা বুঝে নেন। সব বলতে পারব না।’
পাশে বসা কোচ আলী আসগরও ক্ষুব্ধ ,‘আমার দুই মূল বিদেশি ইকাঙ্গা আর বাঙ্গুরা কোথায় আছে জানি না। ওরা আজ মাঠেই আসেনি। অনুশীলনেও গত কয়েক দিন ওদের পাইনি।’
বাকি দুই বিদেশি ইলিয়াসু ও ফেলেক্স অনুশীলন না করলেও খেলেছেন। তবে পরের ম্যাচে তাঁরাও খেলবেন কি না, বলা কঠিন। দলের মূল কর্তা আরিফ খান (জয়) নেত্রকোনা থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। তিনি ও তাঁর ভাই এই দলের অধিনায়ক শুভ্র ওই নির্বাচন নিয়েই ব্যস্ত ছিলেন এবং এখনো আছেন।
বিজেএমসি মাঠের বাইরে ছন্নছাড়া কেন, এ প্রশ্নের জবাব হাতড়ানোর দরকার নেই!