আসলে কী হয়েছিল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কত কিছু বদলে যায়!
পরশু ব্রিটিশ এরোস্পেস ১৪৬-এ ওঠার আগে শাপেকোয়েনস দলের কোচিং স্টাফরা এক সাক্ষাৎকারে লামিয়া এয়ারলাইনসকে নিয়ে তাঁদের সন্তুষ্টির কথাই বলছিলেন। এই এয়ারলাইনস যে তাঁদের লক্ষ্মী! গত মাসে লামিয়ারই অন্য এক বিমানে কলম্বিয়া গিয়ে শাপেকোয়েনস ফেরে কোয়ার্টার ফাইনাল জিতে। তারপর উঠে যায় ফাইনালেই। কে জানত, সে এয়ারলাইনসের আরেক যাত্রা লিখবে দুঃসহ এক শোকসংবাদ!
কলম্বিয়ার মেডেলিন শহরের কাছে পরশু বিধ্বস্ত হয়েছে শাপেকোয়েনসের চার্টার্ড বিমান। প্রাথমিকভাবে ৭৫ জনের মৃত্যুর খবর এলেও সেটা কাল ৭১-এ নেমে এসেছে। প্রাথমিকভাবে তিন ফুটবলার, এক সাংবাদিক ও দুই বিমানকর্মীর বেঁচে যাওয়ার কথা নিশ্চিত করা হয়েছে।
কিন্তু দুর্ঘটনা কেন ঘটল, সেটাই এখনো নিশ্চিত করা যায়নি। বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার করা হলেও এখনো সেটির তথ্য বিশ্লেষণ সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ঝোড়ো আবহাওয়ার কথা বলা হয়েছিল। মেডেলিন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার ১৫ মিনিট আগে বিমানে বৈদ্যুতিক গোলযোগের কথা জানানো হয়েছিল। বেঁচে ফেরা ফ্লাইট অ্যাটেনড্যান্ট জিমেনা সুয়ারেজ জানিয়েছেন, শেষ মুহূর্তে জ্বালানি শেষ হয়ে যাওয়াতেই এমন দুর্ঘটনা। বিধ্বস্ত হওয়ার পরও আগুন না ধরায় এ কারণটাও বেশ গুরুত্ব পাচ্ছে।
এরোস্পেস ১৪৬-এর ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছে। এ মডেলের বিমানগুলো নাকি ২০ বছর আগেই নির্মাতা প্রতিষ্ঠানের কাছে ফেরত পাঠানো উচিত ছিল। আর সান্তা ক্রুজ থেকে মেডেলিন—২২৬৫ কিলোমিটার পথ, বিমানটির এক যাত্রায় সর্বোচ্চ সীমার কাছাকাছি দূরত্ব। এএফপি, মার্কা।