আসলে তাঁরা ‘অলস’ নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভদ্রমহিলা মাঠে পৌঁছেও গাড়ি থেকে নামলেন না। স্টার্ট বন্ধ করে ড্রাইভিং সিটের পাশের দরজাটা খুলে দিলেন, তার পর গাড়িতে বসেই একা একা খেলা দেখতে লাগলেন। হাতে কাগজ-কলম। মাঠের পাশে বিছিয়ে রাখা কাঠের চেয়ারগুলোয় বসে আছেন বয়োবৃদ্ধ কয়েকজন দর্শক। কারও হাতে বিয়ারের গ্লাস, কারও হাতে পত্রিকা। দূরের গ্যালারিতে একজনকে দেখা গেল আধশোয়া অবস্থায়।টেলিভিশনে ক্রিকেট মাঠের এ রকম দৃশ্য নিয়মিত দেখে থাকলে আপনি হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এই দর্শকেরা অলস। শুয়ে-বসে খেলা দেখা ছাড়া তাঁদের আর কোনো কাজ নেই। তবে ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব মাঠে গত দুই দিনের অভিজ্ঞতা ধারণাটাকে সমর্থন দিচ্ছে না। ইংলিশ ক্রিকেটের এই দর্শকেরা আসলে মোটেও অলস নন। উপমহাদেশের দর্শকদের মতো চিৎকার-চেঁচামেচি করে গলা না ফাটালেও ক্রিকেট মাঠে এঁদের অনেক কাজ।কথা হচ্ছিল মিস্টার জে পি পিকের সঙ্গে। একসময় ডার্বিশায়ার ক্লাবে স্বেচ্ছাসেবকের কাজ করতেন, সেই সুবাদে পেয়েছেন ক্লাবের সম্মানসূচক আজীবন সদস্যপদ। ৭২ বছর বয়সী ভদ্রলোক ব্যাটারিচালিত ছোট চার চাকার যে বাহনে চড়ে মাঠে আসেন সেটাকে মোটরসাইকেল বলতে পারেন, বলতে পারেন ছোট একটা গাড়িও। বয়সের কারণে হাঁটাচলা বা রাস্তা পার হতে অসুবিধা হয় বলে সহজ চলাচলের জন্য বেছে নিয়েছেন এই বাহন, যেটাকে তিনি বলছেন, ‘আমার ক্রিকেট মাঠের সঙ্গী। মাঠে আসার জন্যই এটা নিয়েছি। ব্যাটারি একবার চার্জ দিলে ১৫ মাইল চলে। বাড়ি থেকে মাঠে যাওয়া-আসা হয়ে যায়।’কিন্তু বৃদ্ধ বয়সেও এত কষ্ট করে মাঠে আসা কেন? উত্তর এল, ‘অভ্যাস।’ ভাবুন একবার, অলস হলে কি এই বয়স পর্যন্তও এমন অভ্যাস ধরে রাখা যায়! দূর থেকে দেখে যাঁদের ‘অলস দর্শক’ বলে মনে হয়, তাঁরা যে আসলে অলস নন, সেটার আরও প্রমাণ আছে। খেলা দেখতে আসার সময় সঙ্গে যে পরিমাণ জিনিসপত্র নিয়ে আসেন সবাই, অলস হলে সেটাই তো করতেন না কেউ! আর ইংল্যান্ডের দর্শকেরা শুয়ে-বসে শুধু খেলাই দেখেন না, খেলা দেখতে দেখতে অনেকেই কাগজ-কলম নিয়ে ম্যাচের স্কোর লেখেন। কে কত রান করল, কে কীভাবে আউট হলো, কার ক্যাচ কোথায় হাত ফস্কাল, কিছুই বাদ যায় না তাঁদের স্কোরশিট আর নোট বুক থেকে। আর নির্ভুলভাবে স্কোর লেখার প্রথম শর্তই তো অখণ্ড মনোযোগে খেলা দেখা। অন্যকিছু না করে ‘অলস’ বসে মাঠের দিকে তাকিয়ে থাকার এটাও একটা কারণ। বলতে পারেন, পুরোদস্তুর ক্রিকেট সাংবাদিকদের মতোই অবস্থা এই দর্শকদের। অথচ কাজটা তাঁরা করছেন নেহাত শখের বসে। ম্যাচের টিকিট কাটার সময় কাউন্টার থেকেই বাড়তি পয়সা দিয়ে সবাই কিনে নিচ্ছেন ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের ছেপে দেওয়া স্কোরশিট। রান-উইকেটে ভরে ওঠা সেসব স্কোরকার্ড পরে জমা হয় দর্শকদের ব্যক্তিগত সংগ্রহশালায়।ক্রিকেট মাঠের এই ‘অলস’ দর্শকেরা আবার হালের টি-টোয়েন্টি ক্রিকেট খুব একটা পছন্দ করেন না। মিস্টার পিকের টি-টোয়েন্টি পছন্দ নয় মূলত খেলাটা রাতে হয় বলে। তা ছাড়া খেলার মাঠে হইহল্লাও ভালো লাগে না তাঁর। লিস্টার বিশ্ববিদ্যালয়ের ছাত্র জেমস বয়সে মিস্টার পিকের নাতিপুতির সমান হবেন। বয়সের পার্থক্য থাকলেও পিক আর তাঁর মধ্যে অদ্ভুত মিল—টি-টোয়েন্টিটা জেমসেরও অপছন্দ। তবে কাল ডার্বিশায়ার মাঠে জেমসের আসার কারণ কেবলই দীর্ঘ পরিসরের খেলা দেখা নয়, আকর্ষণের কেন্দ্রে অ্যালিস্টার কুক, মন্টি পানেসাররা, ‘ওদের খেলা সব সময় কাছ থেকে দেখার সুযোগ হয় না। তারকা ক্রিকেটাররা খেলছে বলেই সেই ২০ মাইল দূর থেকে আসা...।’‘অলস’ শব্দটা কি এই দর্শকদের জন্য অপবাদই নয়?