আসলে তো অর্ধেক!
প্রাইজমানি ২৬ লাখ ডলার। সঙ্গে বোনাস আরও ১০ লাখ। সব মিলিয়ে অঙ্কটা বেশ লোভনীয়ই তো। কিন্তু হায়, এ অর্থের অর্ধেকই যে চলে যাবে আয়কর দিয়ে! তাহলে থাকল কী? মহীনের ঘোড়াগুলোর সেই গানের মতো, ষোল আনা থেকে যদি আট আনা যায়, হিসাবটা দাঁড়ায় এসে সেই আট আনায়।
একটু খেদ তো থাকতেই পারে রাফায়েল নাদালের মনে। সে কারণেই হয়তো ইউএস ওপেন জেতার পরও আফসোস স্প্যানিশ তারকার, ‘দিন শেষে এটা অনেকটা সত্যি। কিন্তু এটাই আসল প্রাইজমানি না। এর মধ্য থেকে আপনাকে আয়কর দিতে হবে। আমার মনে হয়, স্পেনে কর ৫৬ শতাংশ।’ ইউএস ওপেন জিতে ক্যারিয়ার প্রাইজমানিকে ছয় কোটি ডলারের ওপরে নিয়ে যাওয়া নাদালের আফসোসের আরেকটা কারণ আছে। প্রাইজমানিটা পেয়েছেন ডলারে। কিন্তু স্পেনে যখন সেটি ইউরোতে বদলে যাবে, তখন গচ্ছা দিতে হবে আরও কিছু অর্থ।
নাদালের মতো এই ডলার-ইউরো রূপান্তরের ঝামেলা নেই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসের। এবার ইউএস ওপেন জিতে তিনিও পেয়েছেন ৩৬ লাখ ডলার। কিন্তু এর ‘আট আনা’ই আয়কর বিভাগ নিয়ে যাবে জানেন বলে রসিকতা করে বলেছিলেন, ‘অর্ধেক টাকা তো দিয়ে দিচ্ছি আঙ্কেল স্যামকে।’ তবে প্রথম নারী টেনিস খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে পাঁচ কোটি ডলারের বেশি প্রাইজমানি জেতা সেরেনার দাবি, টাকাপয়সাকে তিনি তুচ্ছ জ্ঞান করেন। ‘আমি কখনো চেক নিই না। আমি টাকার জন্য টেনিস খেলি না। আমি গ্র্যান্ড স্লাম ভালোবাসি।’
তাহলে তাঁর হয়ে প্রাইজমানির চেকগুলো কে নেন? সেটিও জানিয়েছেন সেরেনা, ‘আমার মনে হয় আমার বাবা, টাকার জন্যই তিনি আমাকে টেনিসে নিয়ে এসেছেন। কিন্তু আমি সহজ-সরল মানুষ, এসব নিয়ে কখনো ভাবিনি।’ এএফপি।
শেবাগদের সুযোগ
খুব বেশি দিন হয়নি, তাঁদের ছাড়া ভাবা যেত না ভারতীয় দল। বিশ্বসেরা উদ্বোধনী জুটি ছিলেন গম্ভীর-শেবাগ, জহির খান ছিলেন পেস আক্রমণের নেতা। সেই তাঁরাই এখন ব্রাত্য ভারতীয় দলে। তরুণদের এমনই পারফরম্যান্স যে, তাঁদের দলে ফেরার সম্ভাবনাটাই দেখা যাচ্ছিল না। অবশেষে একটা ‘সুযোগ’ পেলেন বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর ও জহির খান। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচের সিরিজে ভারতের ‘এ’ দলে সুযোগ পেয়েছেন তিনজনই। তিনটি চার দিনের ম্যাচের শেষ দুটিতে আছেন তাঁরা। ২০০৬ সালে সর্বশেষ টেস্ট খেলা মোহাম্মদ কাইফও আছেন এই দলে! ওয়ানডে দলে ফেরার দাবি জানানোর সুযোগ পাচ্ছেন যুবরাজ সিং। ৫০ ওভারের তিন ম্যাচের সিরিজে ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন তিনি। এক দিনের ম্যাচ দিয়ে সিরিজ শুরু ১৫ সেপ্টেম্বর। ওয়েবসাইট।