আসলেই রোলাঁ গারোঁর রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাল মাটির এই কোর্ট এই ছবি দেখেছে অনেকবার। কাল দেখল অষ্টমবারের মতো। ফাইনালে  ডেভিড ফেরারকে হারিয়ে দেওয়ার পর উচ্ছ্বসিত রাফায়েল নাদাল। ছবি ষ এএফপি
লাল মাটির এই কোর্ট এই ছবি দেখেছে অনেকবার। কাল দেখল অষ্টমবারের মতো। ফাইনালে ডেভিড ফেরারকে হারিয়ে দেওয়ার পর উচ্ছ্বসিত রাফায়েল নাদাল। ছবি ষ এএফপি

দ্বিতীয় সেট চলছে, হঠাৎ খালি গায়ে এক দর্শক আগুনের শিখা হাতে কোর্টে ঢুকে গেলেন! এই বুঝি খেলা বন্ধ হয়ে যায়। নাহ, নিরাপত্তাকর্মীরা তাঁকে ধরে নিয়ে বাইরে রেখে এলেন। তার আগে দর্শকদের একটা অংশ শিশু অধিকার নিয়ে আন্দোলন আর প্রতিবাদ করলেন দোতলার গ্যালারিতে দাঁড়িয়ে। তখনো কিছুক্ষণ খেলা বন্ধ। বেশ কয়েকবার বৃষ্টি চোখরাঙানি দিল, দর্শকেরা ছাতা খুলে বসল। কিন্তু খেলা বন্ধ হওয়ার মতো তেমন জোরেশোরে বৃষ্টি ঝরল কই! কোনোভাবে যদি বন্ধ হয়ে যেত ম্যাচটা, তাহলেই কেবল ডেভিড ফেরার এদিনের মতো বেঁচে যেতেন। নিজে খেলে রাফায়েল নাদালকে থামানোর সাধ্য ছিল না তাঁর!

অপ্রত্যাশিত সব বিপত্তি উঁকিঝুঁকি দিলেও খেলা ঠিকই শেষ হলো। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নাদাল জিতলেন। শুধু জিতলেন বললে অবশ্য স্প্যানিশ এই টেনিস তারকার গতকালের জয়টার মাহাত্ম্য পুরো বোঝা যাবে না। নাদাল জিতলেন ফেরারকে রীতিমতো উড়িয়ে দিয়ে। ৬-৩, ৬-২, ৬-৩ গেমে। যে জয়ে রোলাঁ গারোঁর লাল কোর্টে আধিপত্যটাকে অভূতপূর্ব একটা রূপ দিয়ে ফেললেন নাদাল। এই নিয়ে অষ্টমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা। নির্দিষ্ট কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ড এখন নাদালের। ফ্রেঞ্চ ওপেনে সর্বোচ্চ ম্যাচ (৫৯) জয়ের রেকর্ডও।

প্রথম দুই সেটে অসহায় আত্মসমর্পণ করার পর তৃতীয় সেটে এসেই একটু লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন ফেরার। নাদাল ২-০ গেমে এগিয়ে যাওয়ার পর একসময় ৩-৩ করেছেন। কিন্তু এর পর থেকেই আবারও অপ্রতিরোধ্য রূপে দেখা দিলেন নাদাল। পরের তিনটি গেম টানা জিতে ফেরারের প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনালটাকে পুরোপুরি দুঃস্বপ্ন বানিয়ে দিলেন।

ক্যারিয়ারের ১২তম গ্র্যান্ড স্লাম শিরোপা। তবে এর মধ্যে ৮টিই প্যারিসের লাল মাটিতে। এ কারণেই কিনা জয়ের পর লাল মাটির কোর্টের জন্য নাদালের কণ্ঠে আলাদা মমতা, ‘রোলাঁ গারোঁ হচ্ছে সেই টুর্নামেন্ট, যা বিশ্বজুড়ে ক্লে কোর্টকে প্রতিনিধিত্ব করে। আমার মনে হয় ওপরে একটা ছাদ হলে দর্শক, খেলোয়াড় আর টেলিভিশনের সবার জন্য আরও ভালো হতো।’ বোঝাই যাচ্ছে, দর্শকদের বৃষ্টিতে ভিজতে হওয়ায় মন খারাপ হয়েছে তাঁর। গ্যালারিতে বসে খেলা দেখেছেন। চ্যাম্পিয়ন ও রানারআপের হাতে ট্রফি তুলে দিতে কোর্টেও নেমে এলেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। নাদালের হাতে ট্রফি তুলে দেওয়ার সময় কানে কানে কিছু একটা জিজ্ঞেস করলেন বোল্ট। কী সেটা বুঝতে পারলেন না টেলিভিশন ভাষ্যকার। তবে তাঁর ধারণা, বোল্ট নাদালকে প্রশ্ন করেছেন, আর কয়টা ফ্রেঞ্চ ওপেন জিততে চাও তুমি? প্রশ্ন যদি এটাই হয়ে থাকে, নাদালের উত্তরটাও অজানাই থাকল। তবে নাদালের মুখের হাসিটা থেকে কেউ উত্তর খুঁজে নিতেও পারেন। তথ্যসূত্র: নিও প্রাইম ও এএফপি।