আসলেই লৌহমানবী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙা নাক নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করলেন সেমেনোভা এএফপি
ভাঙা নাক নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করলেন সেমেনোভা এএফপি

অন্য কেউ হলে হাল ছেড়ে দিতেন। মাঠ থেকে ফিরে গিয়ে উঠতেন দেশে ফেরার বিমানে। কিন্তু তিনি ভাঙা নাক নিয়েই বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে শনিবার অংশ নিলেন চাকতিনিক্ষেপে। নিজেকে ‘লৌহমানবী’ বলে প্রমাণ করতেই কি? ইউক্রেনের ৩১ বছর অ্যাথলেট নাতালিয়া সেমেনোভা তো মজা করে বললেন এমনটাই।দুর্ঘটনার আগে লুঝনিকি স্টেডিয়ামে অন্য অ্যাথলেটদের সঙ্গে বসেছিলেন সেমেনোভা। তাঁর পাশে থাকা পোলিশ অ্যাথলেট জানেতা গ্ল্যাঙ্ক হাতে চাকতি নিয়ে ছোড়ার ভঙ্গি করছিলেন। দুর্ঘটনাক্রমে আঘাত করে সেমেনোভার নাকে। ভেঙে যায় নাক। সেলাই পড়ে দুটি। রক্তাক্ত নাক নিয়েই তিনি অংশ নেন প্রতিযোগিতায়!কোচ এবং দলীয় কর্মকর্তারা সরে দাঁড়ানোরই পরামর্শ দিয়েছিলেন। কথা কানে তোলেননি সেমেনোভা। একটা কারণও ছিল। সেটা তাঁর মুখেই শুনুন, ‘দোনেৎস্কে আমার স্বামী, আমার মা-বাবা টিভিতে লাইভ দেখছিলেন। তাই আমাকে থ্রো করতে হয়েছে এটা দেখাতে যে আমি বেঁচে আছি, ভালো আছি এবং বরাবরের মতো আমি লৌহমানবী।’ ‘আহত’ সেমেনোভা অবশ্য ভালো করতে পারেননি, বাদ পড়ে গেছেন বাছাইতেই। তাঁর মৌসুম-সেরা পারফরম্যান্স যেখানে ৬১.৪১ মিটার, সেখানে নিক্ষেপ করেছেন ৫৫.৭৯ মিটার দূরে। ভাঙা নাক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেকে লৌহমানবী দাবি করলেও একটা আফসোসও করছেন সেমেনোভা, ‘দুঃখিত যে দুর্ঘটনাটা ঘটে গেল। আমি খুব ভালো একটা অবস্থায় ছিলাম। অনুশীলনেও ভালো ফল দেখাতে পেরেছি। নিজেকে ফাইনালে নিয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চিত ছিলাম।’ রয়টার্স।