আসলেই ‘টেস্ট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেট নামটা যেই দিয়ে থাকুক, নামটা সার্থক। এটা আসলেই ‘টেস্ট’। খেলোয়াড়দের জন্য তো অবশ্যই। শুধু ক্রিকেটীয় দক্ষতার নয়, শারীরিক ও মানসিক শক্তিমত্তারও কঠিনতম পরীক্ষার নাম এই টেস্ট ক্রিকেট। সাংবাদিকদের জন্যও কি তা-ই নয়? আর সব খেলার রিপোর্ট লেখা হয়ে খেলা শেষে। ভবিষ্যদ্বাণী করে তাই বোকা বনার ভয় থাকে না। কিন্তু টেস্ট ক্রিকেট প্রায়ই বোকা বানায়। বানিয়ে হয়তো মনে মনে হাসে। টেস্ট হয় পাঁচ দিনের, সেই পাঁচ দিনে কতবার যে তা রং বদলায়! এই প্রসঙ্গটা এলেই অদ্ভুত একটা উপমা মনে আসে আমার। টেস্ট ক্রিকেট হলো পেঁয়াজের মতো। এত কিছু থাকতে পেঁয়াজ কেন? মিল আছে যে! একের পর এক পরত—একটা ছাড়ালে আরেকটা এবং একটিও আরেকটির মতো নয়। এই যে ইংল্যান্ডের ১৮১ রানের বড় জয়ে শেষ হলো চট্টগ্রাম টেস্ট, সেটিও তো এমন রংবদলের খেলা কম দেখাল না!টেস্ট ক্রিকেট যে সাংবাদিকদের জন্যও ‘টেস্ট’—এটা বেশি মনে হলো ডেভিড হপসের কথা শুনে। ১৯৮৪ সাল থেকে গার্ডিয়ানে ক্রিকেট লিখছেন, সাংবাদিকতার বয়স আরও বেশি। পঞ্চম দিনের প্রথম সেশনে জুনায়েদ সিদ্দিক ও মুশফিকুর রহিমকে আলাদা করার সব চেষ্টাই যখন ব্যর্থতায় পর্যবসিত, ইংলিশ সাংবাদিকদের সবাইকেই একটু হকচকিত দেখাচ্ছে। হপসকে একটু বেশি। জানলাম কারণটাও, ‘এই টেস্টের প্রথম চার দিন আমাকে তিন রকম কথা লিখতে হয়েছে। প্রথম দিন বাংলাদেশে ক্রিকেট উন্মাদনা-টুন্মাদনা নিয়ে ভালো ভালো কথা লিখলাম। তৃতীয় দিন বাংলাদেশের টেস্ট খেলা উচিত কি না—এ নিয়ে প্রশ্ন তুলে ফেললাম। কাল (চতুর্থ দিন) আবার লিখতে হলো, টাইগাররা একটু দাঁত-টাঁত দেখিয়েছে। আজ কী লিখতে হয় কে জানে! এই টেস্ট যদি ড্র হয়ে যায়!’ড্র হয়ে গেলে কী হওয়া উচিত, সেটি বললাম শিল্ড বেরিকে। ‘এই টেস্ট ড্র হলে ইংল্যান্ডের টেস্ট স্ট্যাটাস থাকা উচিত নয়। আপনারাই তো বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ্ন তুলেছেন। বাংলাদেশের সঙ্গে ড্রয়ের পর ইংল্যান্ডের টেস্ট স্ট্যাটাস তাই কীভাবে থাকে?’—উইজডেন সম্পাদক মাথা ঝুঁকিয়ে একমত হলেন। তারপর বললেন, ‘কালকের শেষ সেশন আর আজকের প্রথম সেশনে জুনায়েদ-মুশফিক যে ব্যাটিংটা করল, এটাই টেস্ট ব্যাটিং।’এটা শিল্ড বেরিকে বলতে হবে কেন? সবাই-ই তা জানে। বাংলাদেশের ব্যাটসম্যানরাও কি জানেন না? কিন্তু ‘কী করতে হবে’ জানলেই কি তা করা যায় নাকি! সে জন্য দীর্ঘ প্রস্তুতি লাগে, অভ্যাস লাগে। এই যে জুনায়েদ ৩৮৫ মিনিট ব্যাটিং করলেন, মুশফিকুর ২৯৩ মিনিট—ফার্স্ট ক্লাস ক্রিকেটেই কবার তা করেছেন? মুশফিকুরের এটি ২০তম টেস্ট, এর বাইরে ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন মাত্র ২১টি। জুনায়েদের খেলা ৩৬টি ফার্স্ট ক্লাস ম্যাচের ১৫টিই টেস্ট। সারা বিশ্বে ফার্স্ট ক্লাস খেলে ক্রিকেটাররা টেস্ট ক্রিকেট শেখেন আর বাংলাদেশের ক্রিকেটাররা টেস্টে এসে ফার্স্ট ক্লাস ক্রিকেট!এ কারণেই জুনায়েদ আর মুশফিকুরের পার্টনারশিপটা এমন মহাকাব্যিক বলে মনে হচ্ছে। রানের চেয়ে বড় এখানে উইকেটে কাটানো সময়টা। টেস্টে বাংলাদেশের এর চেয়েও বড় তিনটি জুটি আছে। কিন্তু একটা জায়গায় এটি সেগুলোর ওপরে—৬৯.৪ ওভার টিকে থাকায়। টেস্টে বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম জুটিটির স্থায়িত্ব এর চেয়ে ৯ ওভার কম।জুনায়েদ-মুশফিকুরের জুটিটির সময় বাংলাদেশ আসলেই টেস্ট খেলছে বলে যেমন মনে হলো, ৬৫ টেস্টের ইতিহাসে আর কখনো তা মনে হয়নি। ইংল্যান্ড ভালোই অবাক হয়েছে, গ্রায়েম সোয়ান তা গোপনও করলেন না। ৫ উইকেট পেয়েছেন বটে, তবে সে জন্য যে বল করতে হয়েছে ৪৯ ওভার! ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে যাননি, কিন্তু ইংরেজ সাংবাদিকদের পীড়াপীড়িতে তাঁকে মাঠের পাশে চেয়ারে বসিয়ে দিতে হলো ইংল্যান্ড দলের মিডিয়া ম্যানেজারকে।সোয়ান চরিত্র হিসেবে খুব মজার। টগবগে, আমুদে, ইতিবাচক—এমন অনেক বিশেষণ জুড়ে দেওয়া যায় তাঁর সঙ্গে। ১৯৫৬ সালে ওল্ড ট্রাফোর্ডে জিম লেকারের ১৯ উইকেটের সেই অবিস্মরণীয় কীর্তি, এরপর এই প্রথম ইংল্যান্ডের কোনো অফ স্পিনারের টেস্টে ১০ উইকেট। ফ্রেড টিটমাস, রে ইলিংওয়ার্থ, জন এম্বুরিরা যা পারেননি; ক্যারিয়ারের শুরুর দিকেই তা করে ফেলেছেন। সোয়ান তাই সেরা ফর্মে। কথায় কথায় রসিকতা করলেন। লাঞ্চের পর যে ম্যাচটার রং এমন বদলে গেল, সেটিতে তাঁর বোলিংয়ের চেয়েও ‘বড়’ ভূমিকা হিসেবে দেখালেন তাঁর টুপি-বদলকে। প্রথম সেশনে হ্যাট পরে ছিলেন, বিরতির পর নেমেছেন ক্যাপ পরে। টেস্ট ক্রিকেটে প্রথম ওভারে দুই উইকেট নেওয়ার সময় সানগ্লাস পরে বোলিং করেছিলেন বলে সেটাই নিয়ম হয়ে গেছে। নিজের সংস্কারপ্রিয়তার কথা বললেন আরও সবিস্তারে, ‘মাঠে যখন মনমতো কিছু হয় না, আমি নানা কিছু করার চেষ্টা করি। কখনো বা স্টাম্পের বেল দুটিকে বদলে দিই। আজ ভাবলাম, উইকেট যখন পড়ছে না, হ্যাটটা বদলে ক্যাপ পরে দেখি!’‘দুসরা’ করেন কি না, এই প্রশ্নে হেসে বললেন, ‘উল্টো দিকে যায় এমন একটা বল পারি। তবে সেটিকে কোনো নাম দিইনি। পাছে লোকে চিট-টিট বলতে শুরু করে!’ জুনায়েদ-মুশফিকুর দুজনকেই আউট করেছেন। প্রশংসায় অবশ্য পঞ্চমুখ, ‘ওদের তো নড়াতেই পারছিলাম না!’ জুনায়েদকে আউট করে ‘নড়ানোর’ আনন্দটা তাই একটু বেশিই হয়েছে। উল্লাসের শারীরিক প্রকাশের সঙ্গে ছিল শিশুসাহিত্যে স্থান পাওয়ার অযোগ্য প্রীতি সম্ভাষণও। পাছে সোয়ান মাইন্ড করে বসেন, এক সাংবাদিক তাই অনেক ভূমিকা করে প্রসঙ্গটা তুললেন। কথা শেষ হওয়ার আগেই সোয়ান অপরাধ স্বীকার করে নিলেন। ‘উত্তেজনার বশে হয়ে গেছে’, ‘খুবই লজ্জার ব্যাপার’, ‘ওর কাছে ক্ষমা চাইছি’—এসব যখন বলছেন, একবার মনে হলো সোয়ানকে বলি, এত ক্ষমা-টমা চাইতে হবে না। আউট করার পর আপনার উল্লাসের এমন সীমা ছাড়িয়ে যাওয়া—এটাই তো জুনায়েদের পাওয়া সবচেয়ে বড় কমপ্লিমেন্ট!