আসিফ পঞ্চম শোভন অষ্টম
আগের দিনের স্কোরটা ধরে রাখতে পারলে কাল একটা রুপা জিততে পারতেন আসিফ হোসেন। রুপা দূরে থাক, শেষ পর্যন্ত কমনওয়েলথ শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত প্রতিযোগিতায় পঞ্চম হয়েছেন বাংলাদেশের সেরা শ্যুটার। বাংলাদেশের অন্য দুই প্রতিযোগী শোভন চৌধুরী ও আবদুল্লাহ হেল বাকির নাম উঠেছে অষ্টম ও দশম স্থানে।আগের দিন ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে ৬০০ স্কোরের মধ্যে করেছিলেন ৫৯৪। কিন্তু কাল ব্যক্তিগত ইভেন্টের প্রাথমিক পর্বে মাত্র ৫৮৮ করে একেবারে শেষ ব্যক্তি হিসেবে যেতে পারেন চূড়ান্তপর্বে। শ্যুট অফে অনেক ভালো (১১০ স্কোরে ১০২.২) করলেন, কিন্তু পদকের লড়াইয়ের জন্য তা যথেষ্ট ছিল না। ৬৮৮.২ স্কোর করে পঞ্চম হলেন আসিফ। এটাই তাঁর জন্য আক্ষেপের, যেটি ধারাবাহিকভাবে তিনি করে যাচ্ছেন। ভারতের সঞ্জীব রাজপুত প্রাথমিক পর্বে তাঁর চেয়ে ৩ পয়েন্ট কম করেছেন (৫৯১)। ৫৯৪ স্কোর করতে পারলে তো আসিফের স্কোর হয়ে যায় ৬৯৬.২, যা রুপার জন্য হতো যথেষ্ট। রাজপুত মোট ৫৯৪.৮ স্কোর করে রুপা জিতেছেন। সোনা জিতেছেন যথারীতি গগন নারাং, একটি বিশ্বকাপে সোনা জেতা ভারতের এই শ্যুটারের স্কোর ৬৯৯.৫, প্রাথমিক পর্বে ৫৯৫ করেছেন তিনি। ব্রোঞ্জজয়ী ইংল্যান্ডের জেমস হাকেলের মোট স্কোর ৬৯৪। এই ইভেন্টে বাংলাদেশের অন্য দুই প্রতিযোগী শোভন চৌধুরী অষ্টম ও আবদুল্লাহ হেল বাকি হয়েছেন দশম। শোভনের মোট স্কোর ৬৮৫.২।প্রাথমিক পর্বে ৫৮৮ স্কোর করে পঞ্চম হয়ে চূড়ান্ত পর্বে ওঠা শোভন শ্যুট অফে করেছেন মাত্র ৯৭। আগামীকাল মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল। এই ইভেন্টে আশা আছে বাংলাদেশের। দক্ষিণ এশীয় গেমসে সোনাজয়ী শারমিন আক্তারের (রত্না) ইভেন্ট যে এটা। আজ অবশ্য মেয়েদের থ্রি পজিশনে লড়বেন সাবরিনা সুলতানা ও তৃপ্তি দত্ত।