আসিফ বাদ সাবরিনার শাস্তি
বাংলাদেশের শ্যুটিংয়ে দুজনেরই অনেক অবদান। একজন ক্যারিয়ারের শেষ বেলায়, আরেকজনের সামনে অনেক সময়। তবে, এসব এখন অতীত। শ্যুটিং ফেডারেশনের কাছে তাঁদের একজন এখন ‘অপরাধী’, অন্যজন ছুড়ে ফেলার পাত্র!২০১২ লন্ডন অলিম্পিককে সামনে রেখে লন্ডনে উচ্চতর প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত আসিফ হোসেন খানের নাম বাদ দিয়েছে ফেডারেশন। অন্যদিকে গত নভেম্বরে গুয়াংজু এশিয়ান গেমসে ম্যানেজারের রিপোর্টের ভিত্তিতে সাবরিনা সুলতানাকে নিষিদ্ধ করা হয়েছে আগামী জাতীয় শ্যুটিং ও জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপে!কাল শ্যুটিং ফেডারেশনের চার ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বলেছেন, ‘লন্ডনে প্রশিক্ষণ নিতে ফেডারেশনের কোচিং কমিটি আসিফ, আবদুল্লাহেল বাকি, সাদিয়া সুলতানা ও ২০০৪ সাফে সোনা জয়ী শারমিন আক্তারকে মনোনীত করেছিল। কিন্তু অতীতে আসিফের পেছনে অনেক বিনিয়োগ করেও ফল না আসায় ফেডারেশন বাদ দিয়েছে আসিফকে।’আসিফের বদলে নেওয়া হয়েছে ৫০ মিটার রাইফেল শ্যুটার রমজান আলীকে। এ ছাড়া এই প্রশিক্ষণে শারমিন আক্তার (রত্না) যেতে রাজি না হওয়ায় তাকে স্লোভাকিয়ান কোচ এনথন বালাকের কাছে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।সাবরিনার ব্যাপারে ফেডারেশন সম্পাদক বলেছেন, ‘গুয়াংজুতে সাবরিনা খারাপ আচরণ করেছে বলে ম্যানেজার রিপোর্ট দিয়েছেন। তা ছাড়া ওখানে রেঞ্জ থেকে সে ভিলেজে গুলি নিয়ে গিয়েছিল ব্যাগে করে। ওই গুলি তার নিজেরই। তবে, নিয়মানুযায়ী সে গুলি ভিলেজে নিতে পারে না। এটা স্ক্যানিংয়ে ধরা পড়েছে। কাজটা দ্বিতীয়বার করায় তাকে শাস্তি দিয়েছে ফেডারেশন।’মাত্র ১৫-২০টা গুলি, যার দাম বড়জোর ২০০ টাকা। শাস্তির খবর শুনে সাবরিনা হতাশ, ‘ভুলে ১৫-২০টা পয়েন্ট ২২ বোর গুলি হয়তো আমার ব্যাগে রয়ে গেছে। ভিলেজে গুলি নেওয়া যায় না জানি। জেনেও কি আমি ইচ্ছা করে গুলি নিয়ে যাব ভিলেজে?’ তার পরও ফেডারেশন আমাকে শাস্তি দিলে কিছু করার নেই। ম্যানেজারের সঙ্গেও শাস্তি পাওয়ার মতো কিছু করিনি।’ ওদিকে বাদ পড়ার খবরে আসিফ বললেন, ‘শুকুর আলহামদুলিল্লাহ। এখন আমি অন্তত পড়ালেখাটা ঠিকভাবে করতে পারব!’