আসিফদের ভরাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর লন্ডন অলিম্পিকে সরাসরি খেলার শেষ সুযোগও হাতছাড়া করলেন তাঁরা দুজন। তার পরও সান্ত্বনা থাকত, যদি আসিফ হোসেন খান ও আবদুল্লাহ হেল বাকি নিজেদের সেরা স্কোরটা করতে পারতেন। কিন্তু কোথায় কি! কাল দোহায় এশিয়ান শ্যুটিংয়ে পুরুষ ১০ মিটারে বাংলাদেশের দুই শ্যুটারের স্কোর আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাতে তোলার মতো নয়।আসিফের সেরা ৬০০-তে ৫৯৬, গত এসএ গেমসে এই স্কোর করে রুপা জিতেছেন। বেশ কিছুদিন পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় গিয়েছেন। কাল দোহায় তাঁর স্কোর ৫৮৬ (৫১ জনের মধ্যে ২৫তম)। অনুশীলনে বাকির সেরা ৫৯৫-৯৬ও হয়েছে। অথচ কাল এই তরুণের স্কোর বিস্ময়কর—৫৮২ (৩৩তম)!কিরগিজস্তানের ইসমাইল ৫৯৪ ও মঙ্গোলিয়ার নায়ানতাই ৫৯৩ করেই সরাসরি অলিম্পিকে খেলার টিকিট পেয়ে গেছেন। প্রতিযোগিতায় ৫৯৭ স্কোর করে সোনা জিতেছেন অলিম্পিক চ্যাম্পিয়ন অভিনব বিন্দ্রা। এর আগেই বিন্দ্রা লন্ডন অলিম্পিকের টিকিট তুলে নেন। অন্যদের সামনে সুযোগটা তাই উন্মুক্ত ছিল।দোহায় ফোন করা হলে বাংলাদেশ দলের কোচ শোয়েবুজ্জামান বললেন, ‘ছেলেদের নিয়ে খুব একটা আশা ছিল না আমাদের। তবে স্কোর আরও ভালো হওয়া উচিত ছিল। আসলে ওরা স্নায়ুচাপে ভুগেছে।’বাংলাদেশের মূল আশা মেয়েদের ১০ মিটারে। এই বিভাগে শারমিন আক্তার, শারমিন আক্তার রত্না, তৃপ্তি দত্তরা লড়বেন আজ। বাংলাদেশ দল তাকিয়ে আছে আজকের দিনটির দিকেই। ছেলেদের ব্যর্থতা একপাশে রেখে মেয়েরা কি পারবেন লক্ষ্য পূরণ করতে?