আসিফে বিদ্ধ অস্ট্রেলিয়া
দুজনের মধ্যে মিলের চেয়ে অমিলই বেশি। তবে সবচেয়ে বড় মিল বোধ হয় এটাই—দীর্ঘ নির্বাসন শেষে দুজনই এখন জাতীয় দলে জায়গা ফিরে পেতে লড়ছেন। সেই মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ সামির বোলিং-তোপে কাল সিডনি টেস্টের প্রথম দিনেই মাত্র ৪৪.২ ওভারেই পতন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের। পুঁজি মাত্র ১২৭ রানের, প্রথমে ব্যাট করে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে যেটি তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর; আর দেশের মাটিতে ১৯৯৬ সালের পর সবচেয়ে বাজে ব্যাটিংয়ের উদাহরণ।বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে বিনা উইকেটে ১৪ রান তুলে ফেলেছে পাকিস্তান। দ্বিতীয় টেস্টে পাকিস্তানের ‘দারুণভাবে ঘুরে দাঁড়ানো’র যে শঙ্কা রিকি পন্টিং করছিলেন, সেটিই বুঝি সত্যি হওয়ার পথে।দোষ প্রধানত পন্টিংয়েরই। বৃষ্টির কারণে স্থানীয় সময় দুপুর ২টার দিকে খেলা শুরু হয়েছে। সিডনির উইকেটও সবুজাভ। এই কন্ডিশনে বল করার জন্য হাত নিশপিশ করে পেসারদের। সেখানেই টস জিতে ব্যাটিং নিলেন অস্ট্রেলীয় অধিনায়ক। সিদ্ধান্তটা যে কত বড় ভুল ছিল সেটি প্রমাণ করতে মাত্র চার ওভার সময় নিল পাকিস্তান। সামির করা ইনিংসের চতুর্থ ওভারের চতুর্থ বলে স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরলেন সাইমন ক্যাটিচের চোটের কারণে সুযোগ পাওয়া ফিলিপ হিউজ। পরের বলেই পাকিস্তানের পাতা ফাঁদে পা দিলেন পন্টিং। শর্ট বলে পুল করে ডিপ স্কয়ার লেগে উমর গুলের হাতে ক্যাচ। দুই বছর পর টেস্ট খেলতে নামা সামি তখন হ্যাটট্রিকের সামনে। হ্যাটট্রিকটা পেতেও পারতেন। শেন ওয়াটসনের বিপক্ষে এলবিডব্লুর আবেদন নাকচ হওয়ার পর রেফারেল নেয় পাকিস্তান। কিন্তু রিপ্লে দেখিয়েছে, একটুর জন্য অফ স্টাম্প মিস করত বল। সেই ওয়াটসন শেষ পর্যন্ত সামিরই শিকার। ১০ রানের মধ্যে প্রথম তিন ব্যাটসম্যানকে তুলে নিয়ে সামি কাঁপিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়াকে। মাঝখানের ঝঞ্ঝাক্ষুব্ধ প্রায় ১০ ওভার পার করেছেন মাইকেল ক্লার্ক ও হাসি। কিন্তু এর পরই ক্ষুধার্ত আসিফের উইকেট শিকারের শুরু। প্রথমে ক্লার্ককে (৩) সরাসরি বোল্ড। এর পর হাসিকে (২৮) বানালেন মিসবাহর ক্যাচে। দুই অঙ্ক ছোঁয়ার পরই মার্কাস নর্থও ফিরলেন উইকেটকিপারকে ক্যাচ দিয়ে। ২২তম ওভারের শেষ দুই বলে হাসি-নর্থকে ফিরিয়ে দিয়ে আসিফও দাঁড়ালেন হ্যাটট্রিকের সামনে। হ্যাটট্রিক তাঁরও হলো না। তবে সেই ক্ষুধা মিটল পরের তিন ব্যাটসম্যানকে শিকার করে। হাডিনের বিদায়ে ৬২/৭ হয়ে যাওয়া অস্ট্রেলিয়া পড়েছিল প্রথম ইনিংসে এক শর নিচেই গুটিয়ে যাওয়ার শঙ্কায়। নিজেদের দীর্ঘ ক্রিকেট ইতিহাসে এমন লজ্জায় তারা পড়েছে মাত্র আটবার।সেই লজ্জার হাত থেকে বাঁচিয়েছে অষ্টম উইকেটে মিচেল জনসন আর নাথান হরিজের ৪৪ রানের জুটি। তবে ইনিংসটাকে আর বাড়তে না দিয়ে দুজনকেই তুলে নিয়েছেন আসিফ, গড়েছেন নিজের ক্যারিয়ার-সেরা বোলিং (৬/৪১)। অভিষেক ভেন্যুতে ৫ বছর পর ফিরে আসাটাকে আসিফ স্মরণীয় করে রাখলেন ষষ্ঠবারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়ে।ডগ বলিঞ্জারকে বোল্ড করে অস্ট্রেলিয়ার ইনিংসে সমাপ্তি টেনেছেন গুল। আর পেসারদের এই তাণ্ডবে দুই ওভারের বেশি বলই করতে পারেননি কানেরিয়া। তাতেও নিশ্চয়ই মন খারাপ করবেন না এই স্পিনার!