আসিফের আপিল প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষয়টি যখন পাকিস্তানের ক্রিকেটের তখন একটু নাটকীয়তা থাকাই স্বাভাবিক। আইসিসির সাময়িক নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন পাকিস্তানের ফিক্সিং ত্রয়ী। সেপ্টেম্বরে করা আপিলের ভিত্তিতে শুনানির দিন-তারিখও অনেক আগেই নির্ধারিত। আগামী ৩০ ও ৩১ অক্টোবর কাতারের দোহায় হবে শুনানি। বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর আগে সময়টা নিজেকে প্রস্তুত করে নেওয়ার। অথচ আসিফ হাঁটলেন উল্টো রাস্তায়। নিজের আপিলই প্রত্যাহার করে নিলেন তিনি!‘আইসিসি দুর্নীতি দমন আচরণবিধির আওতায় আরোপিত আইসিসির নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে ২ সেপ্টেম্বর ২০১০ যে আপিল করেছিলেন আসিফ, আজ সকালে নিশ্চিত করেছেন সেই আপিল তুলে নিয়েছেন তিনি’—শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে আইসিসি। আপিল প্রত্যাহার করে অভিযোগের বিরুদ্ধেও কি সুর নরম করে ফেললেন আসিফ? আসিফ বলছেন, তিনি আপিল প্রত্যাহার করেছেন আইসিসির কাছ থেকে ঘটনা সম্পর্কিত তথ্যাদি দেরিতে পাওয়ায়। এর মানে এই নয় যে তিনি দোষ স্বীকার করে নিচ্ছেন। তিনি নিজেকে নির্দোষই দাবি করছেন।এদিকে সালমান বাট বলছেন, আপিল প্রত্যাহার করবেন না তিনি। আমির এ সম্পর্কে কোনো কথাই বলেননি। যার অর্থ ৩০ ও ৩১ অক্টোবর শুনানি হবে শুধু সালমান বাট ও মোহাম্মদ আমিরের। শুনানি শেষে বাট, আমির নিষেধাজ্ঞা থেকে যদি মুক্তি পানও আসিফকে কিন্তু চূড়ান্ত আদালতে দাঁড়ানোর আগ পর্যন্ত সাময়িক নিষেধাজ্ঞা মাথায় নিয়েই ঘুরতে হবে। তাছাড়া আইপিএলে খেলে ফেরার পথে দুবাইতে মাদকদ্রব্য বহনের দায়ে অভিযুক্ত আসিফ এমনিতেও আরব আমিরাতে ঢুকতে পারতেন না। ৩টি টি-টোয়েন্টি, ২টি টেস্ট ও ৫টি ওয়ানডে ম্যাচ খেলতে ডিসেম্বরের শেষ দিকে নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান। এই সফরে আসিফসহ অন্য দুজন দলের অংশ হতে পারবেন কি না, সেটা নির্ভর করবে স্পট ফিক্সিং বিষয়ে আইসিসির চূড়ান্ত বিচারের ওপর। উল্লেখ্য, স্পট ফিক্সিংয়ের ব্যাপারে আইসিসির বিচারসভা বসবে ডিসেম্বরে।দরজায় কড়া নাড়ছে আরও একটি সিরিজ। অথচ এখনো কলঙ্কের দাগ লাগা ইংল্যান্ড সফরের রিপোর্ট হাতে পায়নি পিসিবি। দক্ষিণ আফ্রিকা সিরিজের দোরগোড়ায় দাঁড়িয়েও সেই রিপোর্টের অপেক্ষায় আছেন বোর্ড কর্তারা। কোচ ওয়াকার ইউনুস কিংবা তৎকালীন ম্যানেজার ইয়াওয়ার সাঈদ দুজনের কেউই রিপোর্ট দেননি। এএফপি।