আসিফের এ কেমন পরিণতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদিন আগে ব্যাগে করে কার্ড নিয়ে বেরিয়েছেন। কার্ড, মানে বিয়ের কার্ড। আসিফ হোসেন খান বিয়ে করছেন। ৩ সেপ্টেম্বর বৌভাত পাবনার গ্রামের বাড়িতে। নতুন জীবন শুরু করতে যাচ্ছেন, পাঞ্জাবি পরা আসিফ ঢাকায় কার্ড দিচ্ছেন পরিচিতদের। কিন্তু চেহারাটা মলিন। কেমন চলছে আসিফ? কমনওয়েলথ ও এসএ গেমসে সোনাজয়ী শ্যুটার মৃদুস্বরে বলেন, ‘ভালোই চলছে।’ ভালো মানে কতটা ভালো—জানতে চাইলে বললেন, ‘আমি তো বিকেএসপিতে তৃণমূল প্রতিভা অন্বেষণে কোচের চাকরি নিয়েছি।’খেলায় আছেন এখনো, এই ফাঁকেই কিনা কোচের চাকরি নিলেন! শুনে যে কেউ ধাক্কা খাবেন। তাহলে কী আসিফ খেলা ছেড়ে দিচ্ছেন? এই কৌতূহলের উত্তর সময় দেবে। তবে বিকেএসপিতে চাকরি নেওয়ার সুবাদে অলিম্পিক গেমসের ক্যাম্প থেকে বহিষ্কার হওয়া তো অশুভ ইঙ্গিতবাহী-ই। বহিষ্কার, কারণ দর্শাও নোটিশ অবশ্য আসিফের জন্য মামুলি ব্যাপার, এগুলো আর তাঁকে বিশেষ আলোড়িত করে না। মাত্র ১৬ বছর বয়সে ২০০২ ম্যানচেস্টার কমনওয়েথ গেমসে সোনাজয়ী শ্যুটারের বেশ কয়েকবারই হয়েছে এমন অভিজ্ঞতা। ২০০৪ সালে ইসলামাবাদ দক্ষিণ এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে আবার সোনা জিতলেন, এর পর থেকে আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে যেতে থাকলেন আসিফ। মাঝেমধ্যে নড়াচড়া দেন, টুকটাক সাফল্য পান। কিন্তু সেসব তাঁকে সেভাবে আলোচনায় আনে না। বেশ কিছুদিন ধরে তো পারফরম্যান্স আবার তলানিতে। আসিফ মানেই নেতিবাচক খবর!আসিফ শেষ হয়ে গেছেন—এমন সিদ্ধান্ত বহুবার দিয়েছে শ্যুটিং ফেডারেশন। পুলিশের পিটুনি খান, মনের দুঃখে তিনি কক্সবাজার নিরুদ্দেশ হয়ে যান, মুঠোফোন বন্ধ রেখে যোগাযোগবিচ্ছিন্ন থাকেন, শ্যুটিংয়ে মনোযোগ ফেরাতে কোয়ান্টাম মেথড নেন—এ কয় বছরে কত কিছু হলো তাঁর জীবনে! সর্বশেষ অলিম্পিকের ক্যাম্প থেকে ছাঁটাই হওয়ার পর আসিফের শ্যুটিং জীবনেই দাঁড়ি পড়ল কিনা, সে প্রশ্ন উঠছে। আসিফ যদিও বলছেন, ‘আমাকে ক্যাম্প থেকে বাদ দিলেও বলেছে, সামনে ট্রায়াল দিতে পারব। দেখা যাক কী হয়।’ ক্যাম্প থেকেই যদি বাদ দেওয়া হবে, তাহলে আবার ট্রায়ালের সুযোগ কেন? গোলকধাঁধাই বটে। অলিম্পিক অ্যাসোসিয়েশন বলছে, আসিফ কাউকে না জানিয়ে বিকেএসপিতে চাকরি নেওয়ায় এই শাস্তি। অবশ্যই অলিম্পিক এই কাজটা করেছে শ্যুটিং ফেডারেশনের সুপারিশের ভিত্তিতে। তবে আসিফের দাবি ভিন্ন, ‘চাকরি নেওয়ার আগে ফেডারেশনের সেক্রেটারি বাবলু চাচার (ইশতিয়াক আহমেদ) সঙ্গে কথা বলেছি। তিনি না করেননি। বরং আমাকে উৎসাহ দেওয়া হয়েছে সব জায়গা থেকে। অথচ চাকরি নেওয়ার পর আমাকে বহিষ্কার করা হলো! বহিষ্কার হতে পারি জানলে কি আমি এই চাকরি নিই?’আসিফ যোগ করেন, ‘আমি অলিম্পিকের সিইও সাহেবের সঙ্গে কথা বলেছি কয়েক দিন আগে। তখনো তো তিনি আমাকে বহিষ্কারের কোনো ইঙ্গিত দেননি। বুঝতে পারছি না অন্যায়টা কোথায় করলাম। আগে যেসব বৃত্তি পেতাম, সব বন্ধ। আমার তো টাকার দরকার আছে। আমাকে আর কত হেনস্তা হতে হবে? আমি অপমানিত, দুঃখিত এবং লজ্জিত বোধ করছি।’শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদের বরাবরের অভিযোগ, ‘আসিফ কথা শোনে না। শৃঙ্খলা মানে না। খেলায় মনে নেই। তার পরও আমরা ওকে সহযোগিতা করে এসেছি। বিশেষ সুযোগ দিয়েছি। কিন্তু ছেলেটার যে কী হয়েছে, কিছুতেই কক্ষপথে আনা যাচ্ছে না।’আশ্চর্যের ব্যাপার, আসিফ নিজেই জানাচ্ছেন, ‘এই সেদিন ক্যাম্পে কয়েক দিনের ব্যবধানে আমাকে চারটি শোকজ নোটিশ দেওয়া হয়েছে। সবই তুচ্ছ কারণে, যেমন—একটা হলো রাত ১১টায় আমার কক্ষে বাতি জ্বলেছে কেন?’ তবে ফেডারেশন বলছে, তুচ্ছ নয়, নিয়ম ভেঙেছে বলেই ওই নোটিশ।বিওএর সহসভাপতি মিজানুর রহমান অবশ্য আসিফের প্রতি সমবেদনা জানালেন। তবে বলতে ভুললেন না, ‘খেলোয়াড় থাকা অবস্থায় কাউকে না জানিয়ে চাকরি সে নিতে পারে না। তাকে যে কোনো একটি বেছে নিতে হবে।’ঘটনা যা-ই হোক, অনেকেই বলেন, একটা প্রতিভা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছে। হায় আসিফ!