আসিফের দাবি, তিনি নির্দোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। তাই বলে পার পাননি। কারাদণ্ড হয় ছয় মাসের। এর অর্ধেক সাজা খেটে গত পরশু যুক্তরাজ্যের কেন্টের কারাগার থেকে ছাড়া পান মোহাম্মদ আসিফ। কিন্তু এখনো আগের অবস্থানেই আছেন তিনি। আইসিসির নিষেধাজ্ঞায় থাকা পাকিস্তানি এই ফাস্ট বোলারের দাবি, তিনি নির্দোষ। পাকিস্তানের পত্রিকা অবজারভারের খবরে এ কথা বলা হয়েছে।মুক্তি পাওয়ার এক দিন পর লন্ডনে গতকাল শুক্রবার জিও টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে আসিফ দাবি করেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো সত্যতা নেই। আদালতের রায় শুনে যারপরনাই বিস্মিত হয়েছিলেন তিনি। কিন্তু ওই সময় কিছুই করার ছিল না তাঁর।আসিফ বলেন, ‘এক বছরের কারাদণ্ডাদেশ শুনে আমি মর্মাহত হয়েছিলাম। আদালত যখন আমাকে দোষী সাব্যস্ত করল, প্রচণ্ড হতাশ হয়েছিলাম আমি। কারণ, আমার বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ নেই।’আসিফ ঘোষণা দেন, আইসিসির নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যাবেন। তিনি আশা প্রকাশ করবেন, সব অভিযোগ মিথ্যা প্রমাণ করে শিগগির আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসবেন তিনি।ফর্ম ও ফিটনেস ফেরে পাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে আসিফ বলেন, ‘মাছ কখনো সাঁতার ভোলে না। একজন বোলারও কখনো ভোলে না, কীভাবে বল করতে হয়। কারাগারের ভেতরেও আমি জিম করেছি, নিজের ফিটনেস ধরে রেখেছি। এই ফিটনেস ধরে রাখার সর্বোচ্চ চেষ্টাই করে যাব আমি।’গত বছর অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের মাধ্যমে গোপনে অবৈধ অর্থ নেওয়া ও প্রতারণা করার অপরাধে নভেম্বরে মোহাম্মদ আসিফকে এক বছর, সালমান বাটকে আড়াই বছর এবং মোহাম্মদ আমিরকে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট। রায় ঘোষণার পর বাট ও আসিফকে কারাগারে এবং ১৯ বছর বয়সী আমিরকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। ভালো ব্যবহার করায় অর্ধেক সাজা খেটে গত মার্চে দেশে ফেরেন আমির। একই কারণে অর্ধেক শাস্তি শেষে আসিফ মুক্তি পেলেন গত পরশু। মুক্তি পেলেও ক্রিকেটের বাইরেই অবশ্য থাকতে হচ্ছে আসিফকে, যেমনটা থাকছেন আমির। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় সালমান বাটকে ১০ বছর, মোহাম্মদ আসিফকে সাত ও মোহাম্মদ আমিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।আসিফের মুক্তির আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বলেন, ‘আসিফ যখনই মুক্তি পান, তাঁর ওপর আইসিসির নিষেধাজ্ঞা বজায় থাকবে। পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যুক্ত কোনো কিছুতেই তাঁকে অংশ নিতে দেওয়া হবে না।’