আসিফের প্রথম ডাবল সেঞ্চুরি

১৭১ রান নিয়ে দিন শুরু করা আসিফ আহমেদ কাল ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটা করে তবেই আউট হয়েছেন। ফতুল্লায় বরিশালের বিপক্ষে ঠিক ২০০ রান করার পর রানআউট হয়েছেন ২১ বছর বয়সী এই ডানহাতি। কাল ব্যক্তিগত পারফরম্যান্সে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলে খেলা দুই পেসার শফিউল ইসলাম ও মোহাম্মদ শরীফও। রাজশাহীর শফিউল রংপুরের বিপক্ষে ৩৯ রানে নিয়েছেন ৬ উইকেট। স্বীকৃত যেকোনো ধরনের ক্রিকেটেই শফিউল এই প্রথম ইনিংসে ৫ উইকেট পেলেন। ঢাকা বিভাগের অধিনায়ক শরীফও সিলেটের বিপক্ষে ৮৩ রানে নিয়েছেন ৬ উইকেট। প্রথম শ্রেণীর ক্রিকেটে এই নিয়ে চারবার ৬ উইকেট পেলেন ১০টি টেস্ট খেলা এই ডানহাতি। শরীফ এর আগে ২০০০ সালের ডিসেম্বরে সর্বশেষ ৬ উইকেট নিয়েছিলেন।
জাতীয় লিগের দ্বাদশ ডাবল সেঞ্চুরির ইনিংসটি আসিফ খেলেছেন ৩২৭ বলে। ৪৭৭ মিনিট স্থায়ী ইনিংসে ছিল ২৪টি চার। তাঁর দল মহানগর ইনিংস ঘোষণা করেছে ৯ উইকেট ৪০০ রান করে। বরিশাল দিন শেষ করেছে ২ উইকেটে ১০৯ রান তুলে।
রংপুরে স্বাগতিকদের বিপক্ষে ২৭০ রানে এগিয়ে গেছে রাজশাহী। প্রথম ইনিংসে ১৭২ রানে এগিয়ে থাকা দলটি দ্বিতীয় ইনিংসে ৯৮ রান তুলতেই হারিয়েছে ৫ উইকেট। এর আগে রংপুর ৩৪.১ ওভারে গুটিয়ে যায় ১০১ রানে। ৪ রানে প্রথম উইকেট হারানো দলটি শেষ ৯ উইকেট হারিয়েছে ৬৪ বলে, মাত্র ৩৩ রানের মধ্যে।
খুলনায় দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১১ রান করলেও ইনিংস হার এড়াতেই আরও ১৪৫ রান দরকার ঢাকা বিভাগের। এর আগে সিলেটের প্রথম ইনিংস থামে ৩৫৬ রানে। বগুড়ায় খুলনার বিপক্ষে ৬ উইকেট হাতে নিয়ে ৪৪ রানে এগিয়ে চট্টগ্রাম। মাহবুবুল করিম (৯৬), জসিমউদ্দিন (৮৪*) ও ইরফান শুকুরের (৫১) ফিফটিতে ৪ উইকেটে ৩০৯ রান তুলেছে চট্টগ্রাম।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মহানগর ১ম ইনিংস: ১১৯.২ ওভারে ৪০০/৯ ডি. (আসিফ ২০০, মার্শাল ৭৯, মেহরাব জু. ৪৩; ইসলামুল ৩/৫১, ফজলে রাব্বী ১/২৫, নুরুজ্জামান ১/৪৪, কবীর ১/৫১, কামরুল ১/৭৩)। বরিশাল ১ম ইনিংস: ৫২ ওভারে ১০৯/২ (ফজলে রাব্বী ৫৪*, ইফতেখার ৩০*; আসিফ ২/১৫)।
খুলনা ১ম ইনিংস: ২৬৫। চট্টগ্রাম ১ম ইনিংস: ৭৩.৪ ওভারে ৩০৯/৪ (মাহবুবুল ৯৬, জসীমউদ্দিন ৮৪*, ইরফান ৫১; মুরাদ ২/৮৬, নাহিদুল ১/৫৩, রবিউল ১/৬৪)।
রাজশাহী ১ম ইনিংস: ৯২.৩ ওভারে ২৭৩ (মুক্তার ৫৬*, সানজামুল ৩৩, হামিদুল ৩১; তানভীর ৩/৪৬, সাজেদুল ১/৩৩, শুভাশিস ২/৩৩, সোহরাওয়ার্দী ২/৪৫, আলাউদ্দিন ১/২২) ও ২য় ইনিংস: ৩১ ওভারে ৯৮/৫ (ফরহাদ হোসেন ২৯*, মিজানুর ২৮; আরিফুল ৩/৩৮, সাজেদুল ২/২৪)। রংপুর ১ম ইনিংস: ৩৪.১ ওভারে ১০১ (তারিক ৩১, সাদ্দাম ২৭; শফিউল ৬/৩৯, দেলোয়ার ৩/২৬)।
ঢাকা বিভাগ: ১০০ ও ৩৭ ওভারে ১১১/৩ (রকিবুল ৪৬*, মজিদ ২৯, শুভাগত ২৪*; ইমরান ১/১৪, নাসুম ১/৩২, জায়েদ ১/৩৫)। সিলেট ১ম ইনিংস: ১০০.৩ ওভারে ৩৫৬ (সায়েম ১৩৩, অলক ৮৪, রাজিন ৫৯*; শরীফ ৬/৮৩, অপু ২/৭১, শাহাদাত ১/২৮, সাব্বির ১/৬৯)।