আসিফের প্রথম স্ত্রী বীণা!
শোয়েব-সানিয়ার পর পাকিস্তান ক্রিকেটে এবার আলোচনার ঝড় মোহাম্মদ আসিফ-বীণা মালিককে নিয়ে। আগেও আলোচনায় এসেছেন তাঁরা, হয়েছেন খবরের শিরোনাম। কিন্তু গত পরশু পাকিস্তানের দুটি টিভি চ্যানেলের খবর পাকিস্তান ক্রিকেটে আবার ‘ঝড়’ বয়ে এনেছে। গত বছর লন্ডনে গোপনে আসিফ বিয়ে করেছিলেন বীণা মালিককে!এত দিন সবাই জেনে এসেছিল পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী বীণা মালিক আসিফের ভালো বন্ধু ছিলেন। বিপদে-আপদে আসিফকে টাকা-পয়সা দিয়ে বীণার সাহায্য করার কথাও কারও অজানা নয়। কিন্তু এখন যা শোনা যাচ্ছে তা ‘নতুন’ই। পাকিস্তানের টিভি চ্যানেলগুলোর দাবি, গত বছর মে মাসে লন্ডনে তাঁদের বিয়ে পড়িয়েছিলেন এক বাঙালি কাজি। তবে বিয়েটা নিবন্ধিত ছিল না।কয়েক দিন আগেই দেনা-পাওনা নিয়ে বীণা আদালতে তোলেন আসিফকে। পরে শোনা গিয়েছিল তাঁদের মধ্যে মিটমাট হয়ে গেছে। বীণা সমঝোতায় আসার একটা শর্তই নাকি দিয়েছিলেন—জনসম্মুখে আসিফ বীণাকে বিয়ের কথা স্বীকার করবেন, আইনি বৈধতার জন্য বিয়েটা পাকিস্তানে নিবন্ধনও করতে হবে। শর্ত হিসেবে আরও উল্লেখ ছিল তালাক দিতে হবে হিনা বিলালকে। পরিবারের পছন্দেই গত ফেব্রুয়ারিতে হিনাকে বউ হিসেবে ঘরে তুলেছেন আসিফ। যার মধ্যস্থতায় আদালতের বাইরে ঝামেলাটা মিটমাট হয়েছিল বীণা ও আফিসের, দুজনেরই বন্ধু সেই জাহিদ আলী সাইফ লন্ডনে দুজনের গোপন বিয়ের সাক্ষী! সব মিলিয়ে বিপাকেই পড়েছেন আসিফ। কয়েক দিনের মধ্যেই টি- টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ উড়াল দেবেন আসিফ। এ সময়ে যখন তাঁর ক্রিকেট নিয়ে ভাবার কথা, তখন ভাবতে হচ্ছে মাঠের বাইরের বিষয় নিয়ে। কাউন্টি দল নটিংহ্যামশায়ারে খেলার জন্য বোর্ডের কাছে অনুমতি চেয়েছিলেন তিনি। ‘না’ করে দিয়েছে পিসিবি।গোপনে বিয়ে করা আয়েশা সিদ্দিককে ‘তালাক’ দিয়ে সানিয়াকে জনসম্মুখে বিয়ে করেছেন শোয়েব মালিক, যেটি আইনের চোখে আসলে দ্বিতীয় বিয়ে। আর জনসম্মুখে বিয়ে করা বউকে তালাক দিয়ে কি গোপনে বিয়ে করা বীণাকে ঘরে তুলবেন আসিফ? ওয়েবসাইট।