আসিফের মামলা-মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান থানা পুলিশের সেই মামলা থেকে অবশেষে মুক্তি পেয়েছেন শ্যুটার আসিফ হোসেন খান। শ্যুটিং ফেডারেশনের আবেদনের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফৌজদারি মামলাটি তুলে নিয়েছে।২০০৬ সালের ২ অক্টোবর, গুলশান জাতীয় শ্যুটিং রেঞ্জে পুলিশের হাতে নিগৃহীত হয়েছিলেন কমনওয়েলথ ও দক্ষিণ এশীয় গেমসে সোনাজয়ী এই শ্যুটার। সঙ্গে ছিলেন শ্যুটার শোয়েবুজ্জামানসহ আরও অনেকে।পুলিশের একজন ডিআইজির গাড়ি শ্যুটিং রেঞ্জের গেটে রাখা নিয়ে কর্তব্যরত আনসারের সঙ্গে বাগিবতণ্ডা হয়। পুুলিশ রেঞ্জের ভেতরে ঢোকে এবং তাণ্ডব চালায়। আসিফ, শোয়েবসহ কয়েকজনকে গুলশান থানায় নিয়ে বেদম পেটায়। এই দুজনকে পরে ব্যাংকক গিয়ে চিকিৎসা নিতে হয়। আসিফের শ্যুটিং ক্যারিয়ারই অনিশ্চিত হয়ে পড়েছিল।এ ঘটনায় গুলশান থানা পুলিশ আসিফ, শোয়েবুজ্জামান, আলী হোসেন, শ্যুটিং ফেডারেশনের ডাইনিং বয় জাহাঙ্গীর ও আনসার গার্ড ফেরদৌসের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে। অভিযোগ—সরকারি কাজে বাধাদান, আইন ভঙ্গ, পুলিশকে হয়রানি।গত প্রায় পাঁচ বছরে মাস তিনেক পরপরই হয়রানিমূলক মামলায় হাজিরা দিতে হয়েছে আসিফকে। এটা তাঁর খেলায়ও প্রভাব ফেলেছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্যই এ ছিল বড় এক লজ্জা।আসিফ কাল পাবনা থেকে ফোনে জানিয়েছেন, ‘আমি আজই শুনলাম। এটা বিরাট এক স্বস্তির ব্যাপার। মামলার শুনানিতে আসামি হিসেবে কাঠগড়ায় দাঁড়িয়ে হাত তুলতে হতো। মানে আসামি হাজির...। মামলা মানেই একটা ভয়, হয়রানি। সাজা হয় কি না তেমন আশঙ্কাও ছিল। নিজেকে এখন মুক্ত লাগছে।’বিয়ে করে কয়েক দিন আগে নতুন জীবন শুরু করেছেন। এটা তাঁর জন্য আবার নতুন করে শুরু করার প্রেরণাও। তবে অলিম্পিকের ক্যাম্প থেকে সম্প্রতি বহিষ্কৃত হওয়ার পর বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন এখনো করেননি। তবে করবেন। কিন্তু কীভাবে করবেন, বিকেএসপিতে জুনিয়র কোচের চাকরি ছাড়বেন কি না, এসব এখনো ঠিক করতে পারেননি।মামলা প্রত্যাহারে খুশি শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ, ‘দেরিতে হলেও আমরা স্বস্তি পেলাম। আসিফদের কোর্টে হাজিরা দেওয়া থেকে মুক্তি মিলল।’