আসিফের সাবেক প্রেমিকার সঙ্গে দেখা করবেন আইসিসির কর্মকর্তা
স্পট ফিক্সিং কেলেঙ্কারির তদন্তের অংশ হিসেবে পাকিস্তান পৌঁছেছেন আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা শাখার একজন শীর্ষ কর্মকর্তা। তথ্য সংগ্রহের জন্য মোহাম্মদ আসিফের সাবেক প্রেমিকা বীনা মালিকের সঙ্গেও দেখা করবেন তিনি। পাকিস্তানের স্থানীয় কয়েকটি টেলিভিশন চ্যানেল এ খবর প্রচার করেছে।আসিফসহ পাকিস্তানের কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠলে বীনা মালিক একটি টেলিভিশন সাক্ষাত্কারে অভিযোগ করেছিলেন, জনৈক দীক্ষিত নামের এক ভারতীয় বাজিকরের সঙ্গে আসিফের যোগাযোগ রয়েছে। এ সংক্রান্ত যথেষ্ট প্রমাণ নিজের কাছে রয়েছে বলেও দাবি করেছিলেন তিনি।একটি টেলিভিশনের খবরে বলা হয়েছে, আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা শাখার কর্মকর্তা রেজা হাসান পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। মোহাম্মদ আসিফের সাবেক প্রেমিকা বীনা মালিকের সাক্ষাৎকারও নেবেন রেজা।—টাইমস অব ইন্ডিয়া