আসিফের হাতে কুইন্স ব্যাটন
বরাবরের মতো এবারও ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের বার্তা নিয়ে ভ্রমণ শুরু করেছে কমনওয়েলথ গেমসের কুইন্স ব্যাটন। ৯ অক্টোবর লন্ডনের বাকিংহাম প্যালেস থেকে প্রথমেই রিলে দল এসেছে ভারতে। আগামীকাল আসবে বাংলাদেশে।
তিন দিনের ভ্রমণে রিলের ব্যাটন থাকবে শ্যুটার আসিফ হোসেন খানের হাতে। ২০০২ ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে সোনাজয়ী এই শ্যুটার ছাড়াও এই দলে থাকছেন অন্য দুই শ্যুটার আবদুল্লাহ হেল বাকি ও সৈয়দা সাদিয়া সুলতানা। আগামী বছর ২৩ জুলাই-৩ আগস্ট স্কটল্যান্ডের গ্লাসগোতে বসছে ৭১টি দেশের ২০তম কমনওয়েলথ গেমস।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুইন্স ব্যাটন রিলে দলকে সংবর্ধনা জানাবে। বাংলাদেশের ব্রিটিশ হাইকমিশন কুইন্স ব্যাটন রিলে দলের সম্মানে সংবর্ধনা সভার আয়োজন করেছে একই দিন। সফররত দলটি ১৫ অক্টোবর সাভার স্মৃতিসৌধে যাবে। কুইন্স ব্যাটন এরপর ১৬ অক্টোবর যাবে পাকিস্তানে।
কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসের প্রস্তুতি উপলক্ষে ফেডারেশনগুলো থেকে এরই মধ্যে খেলোয়াড় তালিকা চাওয়া হয়েছে। ঈদের পর থেকে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ শুরু হবে। বিওএ মিলনায়তনে এ উপলক্ষে কাল আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।