আসুরিক এক ইনিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজহার মাহমুদের বলে ক্রিস গেইলের অফ স্ট্যাম্প ভেঙে যাওয়ার পর ঢাকা গ্ল্যাডিয়েটরসের একেকজন খেলোয়াড় একেকভাবে উল্লাস প্রকাশ করলেন। উইকেটের পেছনে আনামুল এমন এক অভিব্যক্তিতে মাটিতে শুয়ে পড়লেন যেন বিশ্ব জয় মোটামুটি হয়েই গেছে। মাঠের বিভিন্ন ফিল্ডিং পজিশনে গুম মেরে দাঁড়িয়ে থাকা ফিল্ডাররা ইতিউতি ছুটতে লাগলেন। তবে সবচেয়ে দারুণ কাজটি করলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গেইলকে অভিনন্দিত করলেন। সেই অভিনন্দনকে যদি উল্টোভাবে ব্যাখা করতে যান, তাহলে ভুলই করবেন। এমন একটি ইনিংসের পর কাউকে অভিনন্দিত না করে কি পারা যায়? অধিনায়ককে অনুসরণ করলেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের বাকি খেলোয়াড়েরাও। একে একে হাত মেলালেন এই ব্যাটিং ‘অসুরের’ সঙ্গে। ততক্ষণে পুরো শেরেবাংলা স্টেডিয়াম দাঁড়িয়ে গেছে। করতালি দিয়ে দর্শকেরা জানিয়ে দিচ্ছেন, ‘দারুণ দেখিয়ে গেলেন ওস্তাদ।’এ এক আসুরিক ইনিংস। ঢাকা গ্ল্যাডিয়েটরসের ২০৮ রানের বিপক্ষে যেন একাই লড়লেন সুদূর জ্যামাইকা থেকে উড়ে আসা এই ব্যাটিং-তারকা। বরিশাল বার্নার্সের হয়ে পাঁচটি ম্যাচের জন্য চুক্তি তাঁর। পাঁচ ম্যাচের দুটিতে সেঞ্চুরি উপহার দিয়ে বরিশাল ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারীর সব পয়সা উসুল করে দিয়ে গেলেন তিনি। বরিশালের বাকি ব্যাটসম্যানদের যে পারফরম্যান্স, তাতে আবার শঙ্কিত হওয়ারও যথেষ্ট কারণ আছে, গেইল চলে যাওয়ার পর বরিশালের কী হবে !টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো দল আগে ব্যাটিং করে ২০০-এর বেশি স্কোর দাঁড় করিয়ে ফেলার পর খেলা সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা। ক্রিস গেইলের ১১৬ রানের ইনিংসটির কথা যদি ভুলে যান, ম্যাচ শেষই হয়ে গিয়েছিল। আহমেদ শেহজাদ ব্যর্থ, ব্যর্থ মমিনুল, ব্র্যাড হজ। শাহরিয়ার নাফীস ব্যাটিংয়েই নামেননি। তবে মোহাম্মদ মিথুন নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন। গেইলের সঙ্গে এক অসাধারণ জুটির সাক্ষী তিনি নিজে। নিজেও ৩৮ রান করে গেইলকে দিয়েছেন দারুণ সঙ্গ।টি-টোয়েন্টি ক্রিকেটের এক আদর্শ ক্রিকেটারের নাম এই ক্রিস গেইল। সাধারণ টি-টোয়েন্টি খেলেছেন ৯০টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ২০টি। সেঞ্চুরি তাঁর আছেই। এক নয় একাধিক। গড় দুই পর্যায়েই ৩০-এর ওপর। তবে আজ ঢাকার দর্শকদের একটা আক্ষেপ কিন্তু থেকেই গেল। আজকের ম্যাচে গেইলের ১১৬ রান তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ রান। আর সর্বোচ্চ কত জানেন? ১১৭। আজহার মাহমুদের বলে বোল্ড না হলে হয়ত নিজের সর্বোচ্চ নয়, বরিশালকেই জিতিয়ে নিয়ে ফিরতে পারতেন। প্রতিবেদনের অবতরণিকায় মাশরাফির অভিনন্দনের কথা বলেছিলাম। মাশরাফির অভিনন্দন জানাতে পারেন এই বলে, ‘বস বাঁচিয়ে গেলেন।’ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে অনেকেই আশা করেছিলেন ক্রিস গেইলকে। তবে তিনি আসলেন না। এমন একটি অসাধারণ ইনিংস খেলার পর বরিশালের টিম ম্যানেজমেন্ট এই ক্যারিবীয়কে দিতে চেয়েছিল আরাধ্য বিশ্রাম। অধিনায়ক শাহরিয়ার নাফীস সংবাদ সম্মেলনে এসে বারবার বলছিলেন, এই ম্যাচটা জিতে গেলে তা হতো গেইলের প্রতি সবার এক বিনম্র শ্রদ্ধা। তিনি সবার সামনে বর্ণনা করলেন ক্রিস গেইলের সঙ্গে বরিশালের সকলের একসঙ্গে থাকার অভিজ্ঞতা। বললেন, অসাধারণ এক খেলোয়াড় এই গেইল। সেই সঙ্গে অসাধারণ এক মানুষও। গেইলের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করার অভিজ্ঞতাটাও তাই দারুণ।ক্রিস গেইল জানিয়ে গেলেন, অসাধারণ খেলোয়াড় হতে গেলে অসাধারণ মানুষ হওয়াটাও একপ্রকার পূর্ব শর্তই।