
এক যুগ পর বিশ্বকাপে প্রত্যাবর্তন কি রাজসিক হবে বেলজিয়ামের? ফুটবল বোদ্ধাদের সে রকমই ধারণা। এবারের বিশ্বকাপের কালো ঘোড়া ভাবা হচ্ছে মার্ক উইলমটসের দলটাকে। আর এই দলের তুরুপের তাস চেলসি উইঙ্গার এডেন হ্যাজার্ড। তবে ক্লাবের হয়ে পারফরম্যান্স যতটা উজ্জ্বল, দেশের হয়ে যেন ততটাই মলিন হ্যাজার্ড। সে কারণেই তাঁর সমালোচকেরও অভাব নেই। কেউ কেউ তো হ্যাজার্ডকে একাদশেই না রাখার পক্ষে!
ফ্রেঞ্চ ক্লাব লিলের হয়ে ঔজ্জ্বল্য ছড়িয়ে চেলসিতে গিয়ে নিজেকে চিনিয়েছেন আরও ভালোভাবে। ক্লাবের হয়ে সদ্য শেষ হওয়া মৌসুমে তো দারুণ উজ্জ্বল তিনি। পুরোদস্তুর স্ট্রাইকার না হয়েও ৩৫ ম্যাচে ১৪ গোল, পেয়েছেন প্রিমিয়ার লিগের বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও। তবে জাতীয় দলের হয়ে পারফরম্যান্সটা ঠিক ক্লাবের মতো উজ্জ্বল নয়। ২০০৮ সালে দেশের হয়ে অভিষেকের পর এখন পর্যন্ত ৪৫টি ম্যাচ খেলে গোল পেয়েছেন মাত্র ছয়টি। সামর্থ্য নিয়ে সংশয় না থাকলেও সেটি দেশের পক্ষে বিশ্বকাপে কতটা কাজে লাগাতে পারবেন, এ নিয়ে তাই সন্দিহান অনেকেই। লুক্সেমবার্গ আর সুইডেনের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ দেখে তো হ্যাজার্ডের ওপর রীতিমতো বিরক্ত সাবেক বেলজিয়ান ফরোয়ার্ড মার্ক ডিগ্রাইস। যদিও সুইডেনের বিপক্ষে একটা গোল করেছেন হ্যাজার্ড, কিন্তু মাঠে তাঁর পারফরম্যান্স একেবারেই ভালো লাগেনি ডিগ্রাইসের, ‘হ্যাজার্ড হচ্ছে সেই ধরনের খেলোয়াড়, যাদের মাঝে মাঝে পশ্চাৎদেশে লাথি মারতে হয়। সুইডেনের বিপক্ষে কয়েকবার ও একেবারেই গা ছাড়া হয়ে গিয়েছিল।’ বেলজিয়ান উইঙ্গার যদি নিজেকে শোধরাতে না পারেন তাহলে তাঁকে একাদশ থেকে ছেঁটে ফেলারই পক্ষপাতী ডিগ্রাইস, ‘ভালো পারফর্ম করার এটাই সময়। আমার মনে হয় সে যদি নিজেকে বদলাতে না পারে তাহলে উইলমটসের উচিত তাকে বাদ দিয়ে এটার সমাধান করা।’
হ্যাজার্ডের ফর্ম নিয়ে খুব সন্তুষ্ট নন বেলজিয়ামের কোচ উইলমটসও। বেশ কয়েকবার তিনি সেটা স্পষ্ট করে বলেছেনও, ‘জাতীয় দলের হয়ে তার পরিসংখ্যানটা আরও সমৃদ্ধ করতে হবে। ওর মানের ফুটবলারের জন্য এটুকু যথেষ্ট নয়।’ তবে হ্যাজার্ডের সামর্থ্য জানা আছে বলেই তাঁকে নিয়ে এখনই কঠিনতম সিদ্ধান্ত নিতে চান না উইলমটস। বরং আস্থা রাখছেন ছাত্রের ওপর, ‘ওর প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। হয়তো ছন্দে ফেরার জন্য ওর আরও কয়েকটা ম্যাচ লাগবে। আমার ওর সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই। তবে যদি সে এরপরও খারাপ খেলে, তাকে বাদ দিতে দ্বিধা করব না।’ এএফপি।