আস্থা হারাচ্ছেন না ওয়াহ
হঠাত্ করেই যেন টালমাটাল অস্ট্রেলিয়ার ক্রিকেট। ভারতের কাছে ধবলধোলাইয়ের লজ্জার পর এটাই সাম্প্রতিক সময়ের দুর্বলতম অস্ট্রেলিয়া দল কিনা, এমন কথাও উঠে গেছে। এমন দুঃসময়ে অবশ্য দলের ওপর থেকে আস্থা হারাচ্ছেন না স্টিভ ওয়াহ। এই দলটাই আবার ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস সাবেক অস্ট্রেলিয়ার অধিনায়কের। আপাত স্বস্তির খবর একটাই, নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য অঢেল সময় পাচ্ছে অস্ট্রেলিয়া। সামনের জুলাইয়ে অ্যাশেজ সিরিজ, তার আগে কোনো টেস্টই নেই! এই অস্ট্রেলিয়া অ্যাশেজে গিয়ে নাকানি-চুবানি খাবে, এই মুহূর্তে সাধারণের মধ্যে এমন একটা ধারণাই আছে। কিন্তু স্টিভ ওয়াহর মতে ইংল্যান্ডকে ‘অতিমূল্যায়িত’ করে দেখা হচ্ছে, ‘আমার মনে হয় ইংল্যান্ডকে যতটা শক্তিশালী ভাবা হচ্ছে, ততটা তারা নয়। আমি সত্যিই বিশ্বাস করি, আমরা অ্যাশেজ জিততে পারি।’ রেসিপিটাও বাতলে দিয়েছেন, ‘আমাদের ২০ উইকেট নেওয়ার মতো বোলার আছে। যদি আমাদের কয়েকজন ব্যাটসম্যানের ফর্ম ঠিক থাকে, তাহলে যেকোনো টেস্ট জেতাই আমাদের পক্ষে সম্ভব। মাইকেল ক্লার্ক ও তরুণদের সঙ্গে জ্বলে উঠতে পারলে শেন ওয়াটসনের তো একজন গ্রেট টেস্ট ব্যাটসম্যান হওয়ার সব সম্ভাবনাই আছে। আমি ফিল হিউজকেও পছন্দ করি, তার মধ্যে এমন কিছু আছে যার জন্য টেস্টে সে টিকে যাবে। ডেভিড ওয়ার্নারও আছে।’ “কাগজে-কলমে এই দলটিকে খারাপ বলা যাবে না মোটেই। ওয়াহ একটা জিনিসেরই অভাব দেখছেন দলে সেটি আত্মবিশ্বাস, ‘আমাদের প্রতিভার অভাব নেই। এখন শুধু আত্মবিশ্বাসটাই দরকার আমাদের। বোলাররা নিজেদের কাজটা করার পর বাকিটুকু যদি ঠিকঠাক করতে পারি, আমার মনে হয় অ্যাশেজটা আমরাই জিতব।’”বিপদে আর যাই হোক, সমালোচনার অন্তত অভাব হয় না। ওয়াহ সবাইকে আরেকটু ধৈর্যই ধরতে বলছেন, ‘আমার মনে আছে যখন ১৯৮৫-৮৬ সালে প্রথম দলে এলাম, তখন জয়ের অভ্যাসটা গড়ে তুলতেই কয়েক বছর সময় লেগেছিল। ১৩ ম্যাচ খেলার পর টেস্ট জিতেছিলাম, ২৬ টেস্টের পর পেয়েছিলাম সেঞ্চুরি। তাই আমাদের আরও ধৈর্য ধরতে হবে।’ ওয়েবসাইট।