আস্থার দুর্দান্ত প্রতিদান
অভিষেক ম্যাচেই ৪১ রানের ধীরস্থির এক ইনিংস খেলে বাংলাদেশ সমর্থকদের নজর কেড়েছেন এনামুল হক। উদ্বোধনী জুটিতে তামিম ইকবালের সঙ্গে তাঁর ৮৮ রানের জুটিটি গড়ে দিয়েছিল বাংলাদেশের জয়ের ভিত্তি। আজ খুলনায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিজেকে আরও ভালোমতো চেনালেন ডানহাতি এই ওপেনার। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই তিনি পূর্ণ করেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক। ১৪৫ বলে ১২০ রানের চমত্কার এক ইনিংস খেলে ৪৯তম ওভারে আউট হয়েছেন এনামুল।ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স দেখিয়ে নির্বাচকদের আস্থা অর্জন করেছিলেন এনামুল হক। ২৩টি প্রথম শ্রেণীর ম্যাচে তিনি করেছিলেন ২৮৩২ রান। শতকের ইনিংস ছিল সাতটি। আন্তর্জাতিক ক্রিকেটেও একইরকম উজ্জ্বল ২০ বছর বয়সী এই ব্যাটসম্যান। নিজের দ্বিতীয় ওয়ানডেতেই আজ তিনি পূর্ণ করেছেন ক্যারিয়ারের প্রথম শতক। প্রথম সাত ওভারের মধ্যে মাত্র ২১ রানেই দুই উইকেটের পতন হওয়ার পর চমত্কারভাবে দলের হাল ধরেন এনামুল ও অধিনায়ক মুশফিকুর রহিম। তৃতীয় উইকেট জুটিতে ১৭৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে যান এই দুই ব্যাটসম্যান। এটি বাংলাদেশের পক্ষে যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটি। ৩৭তম ওভারে ব্যক্তিগত ৭৯ রান করে সাজঘরে ফেরেন মুশফিক। তবে অধিনায়ক সেঞ্চুরিবঞ্চিত হলেও সেই আক্ষেপে পুড়তে হয়নি এনামুলকে। দৃঢ়তাপূর্ণ ব্যাটিং করে ক্যারিয়ারের প্রথম শতকটি তুলে নিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ১০০ রানের মাইলফলক স্পর্শ করতে তিনি খেলেছেন ১৩৭ বল। চমত্কার এই শতকটি খেলার পথে ১৩টি চার ও ২টি ছয়ের মার মেরেছেন এনামুল।