উইকেট পড়েছে দুটি, কিন্তু পাকিস্তানের বিপক্ষে পরশু আবুধাবির ড্রেসিংরুমে ফিরে গেছেন চার দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। শোয়েব আখতারের বাউন্সারে হাতে আঘাত পেয়ে অবসর নিয়েছেন গ্রায়েম স্মিথ, পায়ের ক্র্যাম্পে জ্যাক ক্যালিস। এই দুজনের সৌজন্যে ২০ বছর পর আবার এক ম্যাচে দুজনের ‘রিটায়ার্ড হার্ট’ দেখল ওয়ানডে ক্রিকেট। ১৯৯০ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে আহত হয়ে অবসর নিয়েছিলেন নিউজিল্যান্ডের কেন রাদারফোর্ড ও রিচার্ড হ্যাডলি। ওয়ানডেতে এক ম্যাচে দুজনের অবসর নেওয়ার ঘটনা আছে আর মাত্র দুটি। ১৯৭৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ৩২৮ রান তাড়া করতে নেমে লিলি-টমসনের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কানরা। এক টমসনই আহত করেন দুজনকে। মাথায় বল লেগে ফিরে যান সুনীল ওয়েতিমুনি, শরীরের বল লেগে দিলীপ মেন্ডিস। ১৯৮৫ সালে এই শ্রীলঙ্কারই পেসার অশান্ত ডি মেল আহত করেন ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসনকে, রুমেশ রত্নায়েকে আহত করেন ল্যারি গোমসকে।