
আঙুলে চোট পাওয়া রুবেল হোসেনের জায়গায় মাশরাফি বিন মুর্তজার আসাটা নিশ্চিতই ছিল। ফরহাদ রেজার পরিবর্তে জিয়ার ফেরাও ছিল অনুমিত। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দল নিয়ে আগের দিন যে ফিসফাস চলছিল, তাতে সম্ভাবনা দেখা যাচ্ছিল সোহাগ গাজী, মুমিনুল হকের খেলারও। তবে একই সঙ্গে নাসির হোসেন ও আবদুর রাজ্জাকের দল থেকে বাদ পড়াকে চমকই বলতে পারেন।
রাজ্জাক ওয়ানডে আর টি-টোয়েন্টিতে মোটামুটি নিয়মিত। তার পরও কখনো চোট, কখনো বোলিং অ্যাকশন, কখনো বা ফর্মের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। কাল তাঁর না খেলাটা অবশ্য এসব কোনো কারণে নয়। প্রধান নির্বাচক ফারুক আহমেদ রাজ্জাককে দলের বাইরে রাখার কারণ ব্যাখ্যা করতে গিয়ে টেলিফোনে বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোহাগ গাজীর অতীত রেকর্ড ভালো। সে জন্যই রাজ্জাককে বসিয়ে তাঁকে খেলানো হয়েছে।’
রাজ্জাকের তুলনায় নাসিরের বাদ পড়াটাই বেশি চমক জাগানো। ২০১১ সালের ১৪ আগস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক। এর পর থেকে কালকের আগ পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলেছেন প্রতিটি ম্যাচেই। নাসির তাঁর ক্যারিয়ারে এ পর্যন্ত টেস্ট খেলেছেন ১৪টি, ওয়ানডে ৩৫টি এবং টি-টোয়েন্টি ২০টি। তাঁর অভিষেকের দিন থেকে এই তিন সংস্করণের ক্রিকেটে কালকের আগ পর্যন্ত বাংলাদেশ দলের ম্যাচ-সংখ্যাও ছিল একই।
একটানা আড়াই বছর খেলার পর নাসিরের বাদ পড়ার একটাই কারণ—বাজে ফর্ম। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজ থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন এই অলরাউন্ডার। তবে এমন নয় যে ব্যাটে রানখরা চলছিল। এশিয়া কাপেও আফগানিস্তানের বিপক্ষে ৪১ আর শ্রীলঙ্কার বিপকে ৩০ রানের ইনিংস ছিল। তাহলে বাদ দেওয়া হলো কেন নাসিরকে? কারণ, নাসিরের এসব ইনিংস যে মোটেও সময়ের দাবি মেটানো ছিল না! ব্যাট করেন পাঁচ-ছয়ে। টপ অর্ডার ব্যর্থ হলে স্বাভাবিকভাবেই মিডল বা লোয়ার মিডল অর্ডারের ওপর দায়িত্ব আসে ইনিংস বাঁচানোর। ব্যাট হাতে সেই দায়িত্বটাই পালন করতে পারছিলেন না নাসির।
তবে কালকের ম্যাচে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা নাসির নিজে যেন মানতে পারছেন না। অন্তত তাঁর ফেসবুক স্ট্যাটাস দেখে সেটাই মনে হয়। কাল সকাল থেকেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে রেখেছেন, ‘এটা কী হলো...এত তাড়াতাড়ি তো এটা আশা করি নাই।’
ফেসবুকে স্ট্যাটাসটা কাল সকালে দিলেও নাসির যেন পরশু দিন থেকেই বুঝতে পারছিলেন, বাদ পড়ার স্বাদ এবার নিতে হবে তাঁকেও। অনুশীলনের পর ইনডোর থেকে ড্রেসিংরুমে ফেরার পথে কেমন আনমনা দেখাচ্ছিল তাঁকে। পথে দাঁড়িয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বললেন ঠিকই, কিন্তু সেই কথোপকথনে ছিল না নাসিরের স্বভাবসুলভ দুষ্টুমি আর রসিকতা।
নাসির আশা করুন আর নাই করুন, টানা ম্যাচ খেলে ব্যর্থ হওয়ার চেয়ে এ রকম একটা বিরতি তাঁর প্রাপ্যই ছিল। তা ছাড়া বাংলাদেশ দলের একের পর এক ব্যর্থতায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ পর্যায় থেকেও ‘নন পারফরমার’দের একাদশের বাইরে রাখার বার্তা দেওয়া আছে টিম ম্যানেজমেন্টকে। নাসির একটা উদাহরণ মাত্র। বিসিবি ও নির্বাচক কমিটি যে পথে হাঁটছে, তাতে হয়তো অদূর ভবিষ্যতে কাউকে দলে রাখবে তাঁর পারফরম্যান্সই, ফেলে আসা সোনালি অতীত নয়।