অবিশ্বাস্য, অকল্পনীয় শব্দগুলোও ঠিক মানানসই হচ্ছে না। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার অফিসে তালা ঝুলছে আড়াই মাস ধরে। গুরুত্বপূর্ণ এই সংস্থাকে কার্যকর করার কোনো উদ্যোগই নেই সরকারের!গত ২ নভেম্বর মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠন করে অন্তর্বর্তীকালীন কমিটি। সেই কমিটি পরদিন সংস্থার দখল নিতে যায়। তারা সেখানে সভাও করে। কিন্তু নির্বাচিত কমিটি তাদের অপসারণ মেনে নেয়নি। এ নিয়ে থানায় জিডিও হয়েছে।দেশের মহিলা খেলাধুলা পরিচালনার দায়িত্ব মহিলা ক্রীড়া সংস্থার ওপর। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে সংস্থাটি অনেক দূর এগিয়েছে। বাংলাদেশের মেয়েদের খেলাধুলা এখন একটা বৃত্ত ভেঙে সামনে এগোনোর প্রতিশ্রুতিও দিচ্ছে। ঠিক এমন সময় মহিলা ক্রীড়া সংস্থায় আড়াই মাস তালা ঝুলছে! এটি এখন প্রাণহীন।এ নিয়ে গোটা ক্রীড়াঙ্গনই উদ্বিগ্ন। বিশেষ করে, মহিলা খেলোয়াড় সংগঠকদের উদ্বেগটা বেশি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্যুটার সাবরিনা সুলতানা যেমন বলছেন, ‘এত দিন একটা সংস্থা বন্ধ, এটা অবিশ্বাস্য! মেয়েদের খেলাধুলা এভাবে ধ্বংস হতে পারে না। অবিলম্বে সরকার মহিলা ক্রীড়া সংস্থার অচলাবস্থা দূর করবে আশা করি।’কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার কিছুই বলছেন না। এনএসসির কর্মকর্তারাও মুখে কুলুপ এঁটেছেন। এনএসসির পরিচালক (ক্রীড়া) হাইয়ুল কাইয়ুমের কথা, ‘বিষয়টা আমার এখতিয়ারের বাইরে। এটা দেখছে সচিব সাহেবের দপ্তর। আমার কিছুই জানা নেই।’মুঠোফোনে যোগাযোগ করলে এনএসসির সচিব শফিক আনোয়ার বলেন, ‘আমি এ নিয়ে কিছু বলতে পারব না। একটা মিটিংয়ে আছি।’ এর আগেও তিনি ব্যস্ততা দেখিয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে কিছু বলতে চাননি।জানা গেছে, মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটি ভাঙার ব্যাপারটা গড়িয়েছে সরকারের শীর্ষ পর্যায়ে। কারণ, নির্বাচিত কমিটি ভাঙাটা গণতান্ত্রিক মানসিকতার পরিচয় নয়। তাই সুরাহা না হওয়া পর্যন্ত এনএসসির পক্ষ থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয় মহিলা ক্রীড়া সংস্থায়।নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মাহফুজা আক্তার দ্রুত তাঁদের কমিটি বহালের দাবি তুলেছেন, ‘ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের স্বৈরাচারী আচরণে শেখ হাসিনার গণতান্ত্রিক সরকার ক্রীড়াক্ষেত্রে প্রশ্নবিদ্ধ। এখানে কোনো গণতন্ত্র নেই, পুরোপুরি স্বৈরতন্ত্র চলছে। গণতান্ত্রিক সরকারের সময় মেয়েদের খেলাধুলা ধ্বংস হয়ে যাচ্ছে। নইলে কী করে তিনি একটা নির্বাচিত কমিটি অন্যায়ভাবে বাতিল করেন? আড়াই মাস পরও মন্ত্রী নির্বাচিত কমিটি বহাল করেননি। এর নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।’ওদিকে অন্তর্বর্তীকালীন কমিটির সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা দ্রুত দায়িত্ব বুঝে পেতে চান। তাঁর কথা, ‘আমাদের কমিটিতে নয়জন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় আছেন। অতীতেও নির্বাচিত কমিটি ভাঙা হয়েছে। অ্যাডহক কমিটি দায়িত্ব বুঝে পেয়েছে। আগের কমিটি আমাদের দায়িত্ব বুঝিয়ে দেয়নি। আমরা ওই কমিটির কাছে আর দায়িত্ব চাইব না, এনএসসি যেন তাদের সুবিধাজনক সময়ে আমাদের দায়িত্ব বুঝিয়ে দেয়।’ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা হিসেবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) গোটা বিষয়টা নিয়ে চিন্তিত। বিওএর মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ বলছেন, ‘আমরা মহিলা ক্রীড়া সংস্থা সচল দেখতে চাই। অচলাবস্থা নিরসনে আলাপ-আলোচনা হওয়া দরকার। বিওএ যেকোনো সহযোগিতা করতে প্রস্তুত।’ এভাবে আড়াই মাস ধরে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অচল থাকতে পারে না— এটা সবারই মনের কথা। এমনকি নির্বাচিত বা অন্তর্বর্তীকালীন কমিটি—দুই পক্ষই দ্রুত সমাধান চায়। কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রী কী চান?