আয়নায় ইউরোর ছবি
শেষ হয়ে গেল ইউরো, ইউরোপীয় শ্রেষ্ঠত্বের ফুটবলযজ্ঞ। হাসি-কান্না, আনন্দ-বেদনা তো ছিলই, ছিল মনে রাখার মতো কিছু মুহূর্তও। চলুন, ফুটবল রোমান্টিকদের মন রাঙানো ইউরোর সেসব মুহূর্ত দেখে আসি পেছন ফিরে...অঘটন২০০৪ ইউরোর মতো কোনো রূপকথা দেখেনি এবারের ইউরো, তবে অঘটন একেবারে কম ছিল না। শুরুতেই ডেনমার্কের কাছে কুলীন কুলের ডাচদের হার এবারের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি। দোর্দণ্ড প্রতাপে এগিয়ে যাওয়া রাশিয়ার গ্রিসের কাছে ধরাশায়ী হওয়াটাও উল্লেখযোগ্য। প্রথম দুই ম্যাচে হারা সুইডেনের কাছে ফ্রান্সের নাস্তানাবুদ হওয়াও একটি ঘটনা। তবে তিন ম্যাচেই হেরে হল্যান্ডের প্রথম রাউন্ড থেকেই বিদায় এবারের ইউরোর সবচেয়ে বড় চমক।গৃহবিবাদঘরেই থাকে শত্রু বিভীষণ। একটি পরাজয়ই যে দলের মনোবল ভেঙে গুঁড়িয়ে দিতে পারে সেটিরও সবচেয়ে বড় প্রমাণ ফ্রান্স। ফ্রান্সের অন্তঃকলহের জেরে সামির নাসরির মতো খেলোয়াড়কেও বসে থাকতে হয়েছে বেঞ্চে। ছন্নছাড়া হল্যান্ড দলেও আভাস মিলেছিল বিভেদের, নইলে মাঠে তাদের এমন হাল কেন? ফ্লপক্লাবে দ্যুতি ছড়িয়ে তাঁরা এসেছিলেন ইউরোতেও আলো ছড়ানোর প্রতিশ্রুতি নিয়ে। কিন্তু ক্লাবের দুর্দান্ত ফর্ম জাতীয় দলে টেনে আনতে কী নিদারুণ ব্যর্থই না হলেন! রবিন ফন পার্সি এঁদের অগ্রভাগে, পরে আরিয়েন রোবেন, ক্লাস-ইয়ান হান্টেলাররা। পুরো ডাচ দলটাই তো ব্যর্থ। ইংল্যান্ডের ওয়েইন রুনিও আসল সময়ে জ্বলে উঠতে পারেননি। ফ্রান্সের হয়ে একটি গোলও করতে না পারা করিম বেনজেমাকেই বা কী বলা যায়? ‘ক্লাবের হয়ে উজ্জ্বল, দেশের হয়ে বিবর্ণ!’উদ্যাপনগোল-উদ্যাপনে কখনো ফুটে ওঠে শিল্প, কখনো বন্যতা বা থাকে নতুন উদ্ভাবনী। এখানে মারিও বালোতেল্লিকে আলাদা করা যায় সহজেই। জার্মানির বিপক্ষে সেমিফাইনালে প্রথম গোল করার পর ফেটে পড়েছিলেন তীব্র হুংকারে। দ্বিতীয় গোলের পর তো জার্সিই খুলে হয়ে গেলেন পাথরে খোদাই করা মূর্তি। আদুল গায়ে মুষ্টিবদ্ধ হাতে যেন বুঝিয়ে দিলেন, মারিও অনেকেই থাকতে পারে, কিন্তু ‘সুপার’ মারিও একজনই।কলঙ্কইউরোর উৎসবে কলঙ্কের আঁচড়ও লেগেছে। আনন্দ মলিন হয়েছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায়। রাশিয়া পোল্যান্ডের জাতিগত বৈরিতা অনেক দিনের, কিন্তু কে জানত মাঠে তারই রেশ টেনে আনবে দর্শকেরা! রাশিয়া পোল্যান্ড ম্যাচের আগে পরে দুই দলের সমর্থকেরা জড়িয়ে পড়ে সংঘাতে, অনেকে গ্রেপ্তারও হন। পুলিশের হাতে ব্যবহূত হয়েছে জল কামান, ছুড়তে হয়েছে টিয়ার শেল। ছোবল দিয়েছে বর্ণবাদ। ডাচ দলের অনুশীলনে দর্শকদের উত্তেজক মন্তব্য বা বালোতেল্লিকে কলা ছুড়ে দেওয়ার মতো উসকানিমূলক আচরণে কলঙ্কিত হয়েছে ফুটবলই। আলোচিতএকক কৃতিত্বে দুর্ধর্ষ গোলের পসরা এবার ছিল না। ট্যাকটিক্যালি দলগুলো নিখুঁত হওয়ায় গোল হয়েছে কম। তার পরও ইব্রাহিমোভিচের সেই বাইসাইকেল কিক, পিরলোর দারুণ ফ্রি-কিক, গোমেজের ডান পায়ের বাঁকানো শটে কয়েকটি মনে রাখার মতো গোল দেখা গেছে। তবে সবগুলোকে ছাপিয়ে সেমিফাইনালে বালোতেল্লির ডান পায়ের বুলেট শটে গোলটাই বোধ হয় সবার মনে থাকবে। আর টাইব্রেকার নাটকে পিরলো-রামোসের সবাইকে হতবুদ্ধি করে দেওয়া পানেনকা পেনাল্টি এবারের ইউরোরই বড় বিজ্ঞাপন। উদীয়মান তারকাবেশ কয়েকজন উদীয়মান তারকা রাজসিকভাবেই আগমনী বার্তা জানান দিয়েছেন। প্রথম দিনেই জাগোয়েভ দুই গোল করে জানিয়েছেন সামনের দলবদলের বাজারে তাঁকে নিয়ে এবার কাড়াকাড়ি পড়ে যাবে। এখন পর্যন্ত কিন্তু সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন, আরও আছেন আরেক তরুণ ক্রোয়েশিয়ার মারিও মানজুকিচ। সেমিফাইনালে হেরে গেলেও মার্কো রিউস, আন্দ্রে শুর্লেরা জানান দিয়েছেন তাঁরাই হতে যাচ্ছেন জার্মান দলের ভবিষ্যৎ। বিতর্করেফারিরা তাঁদের কাজটা মোটামুটি ঠিকঠাকই করেছেন, এ জন্য বাহবা তাঁদের পাওনা। কিন্তু তার পরও কি বিতর্কের আঁচ থেকে পুরোপুরি বাঁচতে পেরেছেন? ইউক্রেন-ইংল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচ জন টেরি যে বলটা ঠেকিয়ে দেন, সেটি গোললাইন অতিক্রম করেছিল বলেই দেখা গেছে টিভি রিপ্লেতে। অথচ পাশেই দাঁড়িয়ে থাকা রেফারির দৃষ্টি সেটা বেমালুম এড়িয়ে গেছে। উয়েফা গোললাইন প্রযুক্তির সাহায্য নেবে কি না, সেই প্রশ্নটা আবারও উঠেছে জোরেশোরে।মেসি এখানেওনিজে না থেকেও যেন ইউরোতে ছিলেন মেসি। রোনালদোর গোল-খরায় শুরু থেকেই দুজনকে নিয়ে তুলনা চলতে থাকে। ডেনমার্কের সঙ্গে ম্যাচে তো একদল ডেনিশ সমর্থক মেসির নাম ধরে রোনালদোকে খেপাতে থাকে। রোনালদো তখন নিজের ক্ষোভটা আড়াল করেননি বটে, তবে জবাবটা মাঠেই দিয়েছেন। পরের দুই ম্যাচেই গোল করে অত্যুৎসাহী সমর্থকদের উসকানিতে ঢেলে দিয়েছেন জল।