আয়নায় মুখ দেখতে লজ্জা ডাচদের
বিশ্বকাপের রানার্সআপ হল্যান্ড। বাছাইপর্বে ৩৭ গোল করে অন্যতম ফেবারিটের তকমা গায়ে লাগিয়েই ইউরো চ্যাম্পিয়নশিপে খেলতে এসেছিল তারা। কিন্তু ডাচদের ইউরো যাত্রা শেষ হলো অসময়ে—টানা তিন ম্যাচে হেরে—পয়েন্ট শূন্য থেকে। ১৯৮০ সালে শেষবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথমপর্ব থেকেই বিদায় হয়েছিল হল্যান্ডের। কিন্তু এবারের ফলাফলের সঙ্গে তুলনীয় নয় কিছুই। ১৯৮৮-এর শিরোপাজয়ীদের জন্য এবারের ইউরো দুঃস্বপ্ন হয়েই থেকে যাবে বহুকাল। রোবেন, স্নাইডার, রাফায়েল ফন ডার বার্ট কিংবা ফন পার্সিরা বহু বছর পরও ২০১২-এর ইউরো চ্যাম্পিয়নশিপের কথা মনে করে আঁতকে উঠবেন।রোবেন নিজেও বলেছেন, এরপর আয়নায় নিজের মুখ দেখতেও নাকি লজ্জা হচ্ছে তাঁর। হবে না-ই বা কেন, ক্লাব কিংবা আন্তর্জাতিক—তিনি যে পর্যায়ের খেলোয়াড়, তাতে তিনি তাঁর ক্যারিয়ারে এমন ফলের মুখোমুখি হয়েছেন কি না, সেটা রোবেন হয়তো এই মুহূর্তে ভেবে মরছেন! টানা তিনটি ম্যাচে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়ার ব্যাপারটি সত্যিই মেনে নিতে পারছেন না ডাচ খেলোয়াড়েরা। কিন্তু সত্যিটা হলো যাঁরা মেনে নিতে পারছেন না, তাঁরাই মাঠে হল্যান্ডের কমলা জার্সি গায়ে খেলেছেন এবং ব্যর্থ হয়েছেন।‘টানা তিনটি ম্যাচে হার সত্যিই মেনে নেওয়ার মতো নয়।’ বলেছেন রোবেন। ‘আয়নায় নিজেদের মুখ দেখতে লজ্জা হচ্ছে। আমরা সকলেই ব্যর্থ। আমরা সত্যিই কোনো অজুহাত দিতে পারছি না। মাঝে-মধ্যে কিছু ব্যাপার ঘটে, যেগুলোর কোনো ব্যাখ্যা থাকে না। এবারের ইউরোয় হল্যান্ডের ফলাফল তেমনই একটা ব্যাপার। রোবেনের সরল স্বীকারোক্তি।আরিয়েন রোবেন স্বীকার করেছেন, পর্দার অন্তরালে ডাচ দলে এমনকিছু ব্যাপার ঘটেছে, যা ভালো ফলের জন্য সহায়ক নয়। তাঁর মতে, ‘ড্রেসিং রুমে ঐক্যের ঘাটতি ছিল কিন্তু আমরা সেগুলো মিটিয়ে ফেলার চেষ্টা করেছি। প্রথম একাদশে সুযোগ না পেয়ে ফন ডার বার্ট ও ক্লাস-জান হান্টেলারের কোচ মারউইকের ওপর ক্ষোভ এখন আর লুকিয়ে রাখার মতো কোনো বিষয় নয়।’অনেকেই দলের এই অবস্থার জন্য দায়ী করছেন কোচ মারউইককে। অথচ এই মারউইকই হল্যান্ডকে ২০১০ সালের বিশ্বকাপের ফাইনালে তুলে দিয়েছিলেন। মারউইক হল্যান্ড দলের সঙ্গে নিজের চাকরির মেয়াদ ২০১৬ পর্যন্ত বাড়ালেও তাঁর ভবিষ্যত্ অনিশ্চয়তার মধ্যেই আছে। তবে ওয়েসলি স্নাইডার মনে করেন, মারউইক বরং দলের সমস্যাগুলো মেটানোর জন্য সবচেয়ে আদর্শ চরিত্র।‘মারউইকের অধীনেই আমরা থাকছি। দুই বছর আগে মারউইকের কৌশল আমাদের বিশ্বকাপের ফাইনালে তুলে দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এবার তাঁর কৌশল কাজ করেনি। কিন্তু এই মুহূর্তে তাঁকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার কোনো কারণই আমি দেখছি না।’ স্নাইডারের মন্তব্য।সবকিছু ছাপিয়ে এই মুহূর্তে রাফায়েল ফন ডার বার্টের মন্তব্যই প্রণিধানযোগ্য। তাঁর মতে, ‘ভালো না খেলার কারণেই হল্যান্ডের এই দুর্দশা।’দুর্দশা বলুন আর দুর্ভাগ্য—হল্যান্ডকে সবকিছু কাটিয়ে উঠতে হবে কিছুদিনের মধ্যেই। কারণ আগামী সেপ্টেম্বরেই ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ খেলায় তুরস্কের মুখোমুখি হবে ডাচরা। ইউরোর দুঃস্বপ্ন পেছনে ফেলে নতুন স্বপ্নের বীজ বোনার লড়াই শুরু করার আগেই দুর্দশা আর দুর্ভাগ্যকে দূরে সরাতে হবে।