আয়াক্সের কাছে বার্সার হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনার জালে দ্বিতীয় গোল। আয়াক্সের ড্যানি হোয়েসেনের উল্লাস যেন বাঁধ মানছে না। ছবি: রয়টার্স।
বার্সেলোনার জালে দ্বিতীয় গোল। আয়াক্সের ড্যানি হোয়েসেনের উল্লাস যেন বাঁধ মানছে না। ছবি: রয়টার্স।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় জায়গা করে নিতে বার্সেলোনার বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না আয়াক্সের। আমস্টার্ডাম অ্যারেনায় নিজেদের দর্শক-সমর্থনে উজ্জীবিত আয়াক্স শেষ অবধি এক অসাধারণ জয়ই তুলে নিয়েছে। গ্রুপ-এইচের খেলায় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে ইউরোপ-সেরা হওয়ার প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্নটা বাঁচিয়ে রেখেছে ডাচ জায়ান্টরা।

মেসি-বিহীন বার্সেলোনার বিপক্ষে খেলার প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে ছিল আয়াক্স। প্রথধমার্ধে বার্সেলোনার এলোমেলো ফুটবলের বিপরীতে প্রেসিং ফুটবল খেলে স্কোর লাইনকে নিজেদের অনুকূলে নিয়ে নেয় আয়াক্স।

ম্যাচের ১৯ মিনিটে তুলানি সেরেরো গোল করে সবাইকে চমকে দেন। ৪২ মিনিটে ড্যানি হোয়েসেনের গোল বার্সেলোনাকে ঠেলে দেয় ব্যাক ফুটে। দুই গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে কাতালানরা মরিয়া ফুটবল খেললেও তা উদ্দীপ্ত আয়াক্সকে ছাপিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিলনা। খেলার ৪৯ মিনিটে আয়াক্সের জোয়েল ভেল্টমেন বক্সের মধ্যে নেইমারকে দৃষ্টিকটুভাবে ফেলে দিলে প্রাপ্ত পেনাল্টি কাজে লাগান জাভি। নিজের কৃতকর্মের জন্য লালকার্ড দেখতে হয়েছে ভেল্টমেনকে। বাকীটা সময় দশজনী আয়াক্সের বিপক্ষে খেলেও বার্সেলোনার তারকারা তেমন কিছুই করতে পারেন নি। জেরার্ডো মার্টিনো দায়িত্ব নেওয়ার পর এটি বার্সেলোনার প্রথম হার।

এই জয়ে আয়াক্স এইচ গ্রুপে নিজেদের তৃতীয় স্থানে তুলে নিল। আয়াক্সের চেয়ে এক পয়েন্ট এগিয়ে থেকে গ্রুপে এসি মিলানের অবস্থান দ্বিতীয়। শেষ ষোলোয় যেতে হলে আগামী ১১ ডিসেম্বর মিলানের বিপক্ষে ম্যাচটিতে আয়াক্সকে জিততেই হবে।
আজ হেরে যাওয়ায় গ্রুপে বার্সার শীর্ষ স্থানটা একটু ঝুলে রইল। শীর্ষস্থানটি নিশ্চিত করতে মার্টিনো বাহিনীর প্রয়োজন আরও একটি পয়েন্ট। তবে আয়াক্সের বিপক্ষে পরাজয় বার্সেলোনার শেষ ষোলো ঠেকাতে পারেনি। সূত্র: রয়টার্স।