আয়ারল্যান্ড সফরে থাকছেন না আফ্রিদি
অধিনায়কত্ব আগেই কেড়ে নেওয়া হয়েছে। এবার আগামী আয়ারল্যান্ড সফরেও দলে জায়গা পাননি শহীদ আফ্রিদি। আগামী মাসে দুই ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলতে আয়ারল্যান্ড যাবে পাকিস্তান। আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আফ্রিদির এই দলে জায়গা না পাওয়ার বিষয়টি জানায় দেশটির ক্রিকেট বোর্ড।পিসিবির একজন মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, ‘আফ্রিদি এখন তাঁর বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন। সেখানে তাঁর বাবার চিকিত্সা চলছে। আর আফ্রিদিকে চিকিত্সক আরও কয়েক দিন তাঁর বাবার সঙ্গেই থাকার পরামর্শ দিয়েছেন।’আফ্রিদিকে দলে জায়গা না দেওয়ার পেছনে পিসিবি এ ধরনের কারণ দেখালেও সাবেক এই অধিনায়কের সঙ্গে তাদের সম্পর্কের যে যথেষ্টই অবনতি হয়েছে, সেটা সহজেই অনুমান করা যায়। পাকিস্তানকে বিশ্বকাপের সেমিফাইনালে নিয়ে যাওয়া, ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ জেতানোর পরও আফ্রিদিকে কেন অধিনায়কত্বের পদ থেকে সরিয়ে দেওয়া হলো, তার কোনো সুস্পষ্ট কারণ পিসিবি জানায়নি। উল্টো আফ্রিদির বিরুদ্ধেই নীতিমালা ভঙ্গের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে তারা। আফ্রিদি এখনো তার কোনো জবাব দেননি বলে জানা গেছে।ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে দেশে ফিরে দল নির্বাচন, কোচ ওয়াকার ইউনুসের বিপক্ষে কিছু কথাবার্তা বলে পিসিবির রোষানলে পড়েছিলেন এই পাকিস্তানি অলরাউন্ডার। রয়টার্স।