আয়ারল্যান্ড সফরে সালমাদের সঙ্গী হতাশা
আয়ারল্যান্ড সফরটা ভালো যাচ্ছে না বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের এবং দলের সঙ্গে যাওয়া বিশাল বহরের। দেশে যখন ঈদের আমেজ, তিন জাতি ওয়ানডে সিরিজে তখন পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরে গেছে বাংলাদেশের মেয়েরা।গত সোমবার ডাবলিনে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান মহিলা দলের কাছে বাংলাদেশ মহিলা দল হেরেছে ৪২ রানে। পাকিস্তানের ৬ উইকেটে করা ১৮০ রানের জবাবে ৪৬.৩ ওভারে ১৩৮ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ মহিলা দল। রুমানা আহমেদ সর্বোচ্চ ৪২ রান করেছেন ১০৩ বল খেলে। বাকিদের মধ্যে দুই অঙ্কের রান করতে পেরেছেন কেবল রিতু মনি (২৩), ফারজানা হক (২০), সালমা খাতুন (১২) ও শুকতারা রহমান (১১)। বল হাতে ১ উইকেট করে পেয়েছেন জাহানারা আলম, লতা মন্ডল ও শুকতারা।পরদিনই স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হয়ে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশ হেরেছে ৬১ রানে। বোলাররা এদিন মোটামুটি সফল, ৪৫ ওভারের ম্যাচে ৬ উইকেটে ১৪৮ রান করতে পেরেছিল আয়ারল্যান্ডের মেয়েরা। রুমানা ২৩ রানে ও সালমা ২৯ রানে নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট শুকতারা ও লতার। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশ দলের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৮ ওভারে ১৫৬। কিন্তু ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়ে ৩৫.৪ ওভারে মাত্র ৯৪ রানে অলআউট তারা। ১৪ রানে পড়ে ৩ উইকেট, প্রথম চার ব্যাটসম্যানের কেউই পাননি দুই অঙ্কের রান। লতা সর্বোচ্চ ২৫ করেছেন, রিতু করেছেন অপরাজিত ১৫।ডাবল লিগ পদ্ধতির ত্রিদেশীয় সিরিজে আজ আবার পাকিস্তান মহিলা দলের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা, কাল শেষ ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।