আয়ারল্যান্ড-হল্যান্ড ম্যাচও মাশরাফিদের জন্য গুরুত্বপূর্ণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইবুর্গের ব্যাটে পথ খুঁজে পেয়েছিল হল্যান্ড। ছবি: ক্রিকইনফো।
মাইবুর্গের ব্যাটে পথ খুঁজে পেয়েছিল হল্যান্ড। ছবি: ক্রিকইনফো।

‘ডেড রাবার’ ম্যাচের এর চেয়ে ভালো উদাহরণ আর হতে পারত না। বৃষ্টির ‘ষড়যন্ত্রে’ দুটি দলই এক ম্যাচ খেলে বিদায় নিয়েছে। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ ম্যাচটা তাই অনেকটাই শুধু ব্যাটিং বোলিং অনুশীলনই হয়ে থাকল আয়ারল্যান্ড ও হল্যান্ডের জন্য।

তবে এই ম্যাচটা বাংলাদেশের জন্য ‘কী করতে হবে’ কৌশল ঠিক করে দিতে পারে। ধর্মশালার আবহাওয়ার যে অবস্থা, তাতে অনেকক্ষণ ধরে বৃষ্টি না হলেও বাংলাদেশের ম্যাচটা পুরো খেলা হবে, সেই নিশ্চয়তা নেই। যদিও বাংলাদেশের কেউ চাচ্ছেন না ম্যাচের আকার সংক্ষিপ্ত হোক, তবু পরিবর্তিত পরিস্থিতিতে কৌশল ঠিক করে নিতে আগের এই ম্যাচটা বেশ কাজে আসতে পারে। বাংলাদেশের ম্যাচটির আকার যদি ৫-৭ ওভারে নেমে আসে, কী করা উচিত মাশরাফিদের? এর উত্তর কিছুটা হলেও পাওয়া যাবে এই ম্যাচে।
হিমাচলের আবহাওয়া যে ২০-২০, ৪০ ওভারের ম্যাচটাকে বানিয়ে দিল মোট ১২ ওভারের। দুই দলে ৬ ওভার করে। অনেকটা যেন ছেলেবেলায় সন্ধ্যা নামার আগের শেষ ছোট্ট ম্যাচের মতো। ধর্মশালায় এমন গুরুত্বহীন ম্যাচে আয়ারল্যান্ডকে ১২ রানে হারিয়েছে হল্যান্ড। ৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে ৬ ওভারে আইরিশরা করেছে ৭ উইকেটে ৪৭।
টস জিতে হল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল আয়ারল্যান্ড। তাতে শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত ৫৯ রান করেছে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যাওয়া ডাচরা। ‘পাওয়ার প্লে’র দুই ওভারে ১৩ রানেই দুই উইকেট চলে গিয়েছিল। এরপর স্টেফান মাইবুর্গের ১৮ বলে ৫ চারে ২৭ রান রানের ইনিংসটিই টেনে এনেছে হল্যান্ডের ইনিংসটিকে। অবশ্য অধিনায়ক পিটার বোরেনের ৯ বলে ১৪ রানও সাহায্য করেছে।
জবাব দিতে নেমে এক পল স্টার্লিংই যা চেষ্টা করলেন। আইরিশ ওপেনারের ৭ বলে ১৫ রানের ইনিংসটি আশা দেখাচ্ছিল। কিন্তু আর কেউই সঙ্গ দিতে না পারায় হার দিয়েই বিশ্বকাপ শেষ করল আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ড-হল্যান্ড ম্যাচটার ১২ ওভার নির্বিঘ্নে শেষ হলেও আবহাওয়ার পূর্বাভাস আছে, ​বাংলাদেশ ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি। ৬ ওভারে ৬০ রানও কি যথেষ্ট জেতার জন্য?