আয়ারল্যান্ড-হল্যান্ড সফর চূড়ান্ত
বিসিবির টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাবে রাজি হলেও পাল্টা প্রস্তাব দিয়েছিল ক্রিকেট আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর হল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি হল্যান্ডে গিয়ে খেলার অনুরোধ করেছিল তারা বিসিবিকে। বিসিবি ওই প্রস্তাবে রাজি হওয়ায় মধ্য জুলাইয়ে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড-হল্যান্ড সফরটি এখন চূড়ান্ত।বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেন কাল জানিয়েছেন, ‘আমরা হল্যান্ডের উইকেট সম্পর্কে খোঁজ-খবর নিয়েছি। ঘাসের উইকেট, ক দিন আগেও নাকি ওখানে খেলা হয়েছে। কাজেই হল্যান্ডে গিয়ে দুটি টি-টোয়েন্টি খেলতে রাজি আছি আমরা।’ তবে ক্রিকেট আয়ারল্যান্ডকে এখনো সিদ্ধান্তটি জানানো হয়নি বলে জানিয়েছেন তিনি, ‘দুই-একদিনের মধ্যেই আমরা তাদের জানিয়ে দেব যে আমরা যাচ্ছি।’সব ঠিকঠাক থাকলে জুলাইয়ের ১৩-১৪ তারিখে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচই হবে বেলফাস্টে। এরপর হল্যান্ডের হেগে গিয়ে আরও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা হল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে।