আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিকভাবে খুব একটা সবল নয় ক্রিকেট আয়ারল্যান্ড। বাংলাদেশ জাতীয় দলের প্রস্তাবিত আয়ারল্যান্ড সফরটা তাই নির্ভর করছে আইসিসির কাছ থেকে ক্রিকেট আয়ারল্যান্ডের আর্থিক অনুদান পাওয়ার ওপর। তবে বিসিবি ওই আয়ারল্যান্ডেই মেয়েদের ক্রিকেট দল পাঠাচ্ছে নিজেদের খরচে। আগামী আগস্টের সফরে পাকিস্তান ও আয়ারল্যান্ডের মেয়েদের সঙ্গে একটি তিন জাতি ওয়ানডে ও একটি তিন জাতি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ মহিলা দল।ওয়ানডে সিরিজ হবে ডাবল লিগ পদ্ধতিতে। টি-টোয়েন্টিতে সব দল সব দলের সঙ্গে খেলবে একটি করে ম্যাচ। বিসিবির মহিলা উইংয়ের প্রধান আবদুল্লাহ আল ফুয়াদ কাল আয়ারল্যান্ড সফরের খবরটি নিশ্চিত করে বলেছেন, ‘বোর্ডের গত জরুরি সভায় এটি অনুমোদন হয়েছে। আগামী ২০ থেকে ২৯ আগস্ট আয়ারল্যান্ডের ডাবলিনে আয়ারল্যান্ড ও পাকিস্তান মহিলা দলের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আমাদের মেয়েরা।’ সফরে নিজেদের প্রায় সব খরচই বহন করবে বিসিবি। আয়োজকেরা দেবে কেবল স্থানীয় যাতায়াত ও ম্যাচের দিনের লাঞ্চের খরচ। আল ফুয়াদ জানিয়েছেন, পাকিস্তান দলও নাকি এই শর্ত মেনেই আয়ারল্যান্ডে যাচ্ছে। সফরের জন্য বিসিবির বাজেট প্রায় ৪০ লাখ টাকা।