আয়ারল্যান্ডে নত মস্তক ইনজামাম-মালিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালের বিশ্বকাপ পাকিস্তানের জন্য বিরাট এক দুঃস্বপ্নই হয়ে রইবে। গ্রুপ পর্যায় থেকে বিদায়, কোচ বব উলমারের রহস্যজনক মৃত্যু, পাকিস্তানিরা এই বিশ্বকাপকে সবসময় ভুলে থাকতেই চাইবে। ভুলে থাকতে চাইলেও যে ব্যাপারটি আজীবন পাকিস্তানের অন্তঃমূলে আঘাত করে যাবে, তা হলো দুর্বল আয়ারল্যান্ডের বিপক্ষে পরাজয়। এই আয়ারল্যান্ডের বিপক্ষে হারই, ২০০৭ সালের বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়কে করেছিল ত্বরান্বিত।২০০৭ সালেই প্রথমবারের মতো আয়ারল্যান্ড আইসিসির সহযোগী সদস্যের কোটায় বিশ্বকাপ খেলতে এসেছিল। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে একই গ্রুপে থেকে সম্মানজনক ফলই ছিল দলটির লক্ষ্য। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টাই করে দ্বিতীয় ম্যাচে কিংস্টোনে তাঁরা খেলতে নেমেছিল ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে।বৃষ্টিভেজা সিমিং কন্ডিশনে খেলায় আয়ারল্যান্ড টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায়। শক্তিশালী ব্যাটিং লাইনআপে সমৃদ্ধ পাকিস্তানের ব্যাটসম্যানরা প্রথমেই বিপদে পড়ে যান আইরিশ বোলারদের সুইং বোলিংয়ে। মোহাম্মদ হাফিজ দলীয় ৭ রানে ল্যাংফোর্ডের বলে উইকেটরক্ষক নিয়াল ওব্রায়েনের হাতে ধরা পড়েন। ১৫ রানে ইউনুস খান ও ৫৬ রানে মোহাম্মদ ইউসুফ এবং ৫৮ রানে অধিনায়ক ইনজামাম-উল-হক আউট হয়ে গেলে শোচনীয় বিপদে পড়ে যায় পাকিস্তান। এরপর ৬৬ রানে ব্যক্তিগত ২৪ রানে ইমরান নাজির, ৭২ রানে শোয়েব মালিক ও ১০৩ রানে আজহার মাহমুদ আউট হয়ে গেলে গোটা কিংস্টোন বিশ্বকাপের এক দারুণ আপসেটের জন্য উন্মুখ হয়ে ওঠে। পরের ৩ ব্যাটসম্যান মাত্র ১৯ রানে আউট হয়ে গেলে আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৩২ রানেই।উমর গুল, মোহাম্মদ সামি, রাও ইফতিখার ও আজহার মাহমুদে সমৃদ্ধ পাকিস্তানের বোলিং এই ১৩২ রান নিয়েও লড়াই করার জন্য যথেষ্ট ছিল। আয়ারল্যান্ডের প্রথম চার ব্যাটসম্যানকে ৭০ রানে ফিরিয়ে দিয়ে সেই পথে অনেকটাই হেঁটে গিয়েছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তানি বোলারদের বিপক্ষে অসম সাহসিকতায় একাই রুখে দাঁড়ান উইকেটরক্ষক নিয়াল ওব্রায়েন। একাই ৭২ রানের দারুণ এক ইনিংস খেলে আয়ারল্যান্ডের এক বিশাল সাফল্যে অনন্য আবদান রাখেন। সেই সঙ্গে কেভিন ওব্রায়েন ১৬ ও পোর্টারফিল্ড ১৩ রানের দুটি ছোট ইনিংস খেললে আয়ারল্যান্ডের দুর্দান্ত এই বিজয় ত্বরান্বিত হয়। মোহাম্মদ সামি ২৯ রানে ৩টি ও রাও ইফতিখার ২৯ রানে ২ উইকেট দখল করলেও পাকিস্তানের এই দুঃখজনক পরাজয় রোধ করতে পারেননি। মোহাম্মদ হাফিজ ১টি ও শোয়েব মালিক ১ উইকেট নিলেও তাতে আয়ারল্যান্ডের জয়ই কেবল বিলম্বিত হয়েছে। শেষ দিকে আয়ারল্যান্ডের সাত উইকেট পড়ে গেলেও লড়াইয়ের জন্য পাকিস্তানের ১৩২ রান যে যথেষ্ট ছিল না, তা আবার প্রমাণিত হয়। আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় ঘণ্টা বেজে যায় তাড়াতাড়িই। বিশ্বকাপের ইতিহাস সাক্ষী হয় আরও একটি বিরাট অঘটনের।