আয়ারল্যান্ডেও টি-টোয়েন্টির প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি অনুশীলনকেই গুরুত্ব দিয়ে জুলাইয়ে প্রস্তাবিত আয়ারল্যান্ড সফরে তাই কোনো ওয়ানডে বা চার দিনের ম্যাচ না খেলার সিদ্ধান্ত হয়েছে গতকালের জরুরি বোর্ড সভায়। বিসিবি বরং ক্রিকেট আয়ারল্যান্ডের কাছে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব পাঠাবে।সভা শেষে সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ খেলতে চাইলে সেটি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আয়োজনের অনুরোধ করা হবে। প্রয়োজনে বিসিবিও এই সিরিজ আয়োজন করতে রাজি। আয়ারল্যান্ড সফরের তিনটি প্রস্তাবিত সূচি দিয়েছিল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। প্রথম প্রস্তাব অনুযায়ী ১৪ জুন আয়ারল্যান্ডে গিয়ে বাংলাদেশ দল খেলত একটি প্রস্তুতি ম্যাচসহ তিনটি ওয়ানডে। দ্বিতীয় প্রস্তাবে বাংলাদেশ দল আয়ারল্যান্ড যেত ১৩ জুন, খেলত দুটি প্রস্তুতি ম্যাচ ও তিনটি ওয়ানডে। তৃতীয় প্রস্তাবে ১২ থেকে ৩০ জুনের সফরে একটি প্রস্তুতি ম্যাচ ও তিনটি ওয়ানডের সঙ্গে যোগ হতো একটি চার দিনের ম্যাচও। ওয়ানডেগুলো ক্রিকেট আয়ারল্যান্ডের অর্থায়নে হলেও প্রতিটি প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবিকে দিতে হতো ২৫ হাজার মার্কিন ডলার ও চার দিনের ম্যাচের জন্য ৮০ হাজার মার্কিন ডলার। সঙ্গে সফরের বিমানভাড়ার টাকাও। আয়ারল্যান্ড সফর শেষে স্কটল্যান্ডে গিয়ে স্কটল্যান্ড ও হল্যান্ডের সঙ্গে দুটি ওয়ানডে খেলারও কথা ছিল বাংলাদেশ দলের।পাকিস্তান সফর বাতিল হওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত একদমই ফাঁকা হয়ে গিয়েছিল বাংলাদেশ দলের আন্তর্জাতিক সূচি। ক্রিকেট পরিচালনা বিভাগ সে কারণেই চেষ্টা-তদবির করে আয়ারল্যান্ড। এতটা এগিয়ে গিয়েও বিসিবির পিছু হটার কারণ নাকি শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নয়। বিসিবি সভাপতির সঙ্গে শেষ পর্যন্ত বোর্ডের অনেক পরিচালকই একমত হয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে গিয়ে খারাপ ফলাফল করলে হিতে বিপরীত হবে। তা ছাড়া আয়ারল্যান্ডের সামনে টেস্ট মর্যাদার হাতছানি। বাংলাদেশের বিপক্ষে ভালো ফলাফল তাদের সেই স্বপ্নপূরণের দিকে এগিয়ে দেবে। আর আয়ারল্যান্ডের টেস্ট ক্রিকেটে আসা মানে ছোট দলের সংখ্যা ভারী হওয়া এবং দ্বিস্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেট চালু হওয়ার সম্ভাবনা বেড়ে যাওয়া। আয়ারল্যান্ড সফরটা তাই আপাতত পরিত্যাজ্যই মনে করছে বোর্ড।গত ৩০ এপ্রিল নিমবাসের সঙ্গে ছয় বছরের চুক্তি শেষ হয়েছে বিসিবির। নতুন করে টেলিভিশন সম্প্রচার স্বত্ব বিক্রির আলোচনাও তাই হয়েছে কালকের সভায়। মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, নতুন চুক্তি হবে ২০১৬ সাল পর্যন্ত। দরপত্রের দাম ধরা হয়েছে ১০ হাজার ডলার। দরপত্র আহ্বানসংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য সহসভাপতি আহমেদ সাজ্জাদুল আলমকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ১০ দিনের মধ্যে বোর্ডকে একটা রূপরেখা দেবে। নিমবাসের সঙ্গে সর্বশেষ চুক্তিতে বিসিবির অভিজ্ঞতা মোটেও সুখকর হয়নি। ৫৬ মিলিয়ন ডলারের চুক্তি থেকে গত ছয় বছরে বিসিবি পেয়েছে ১৫ মিলিয়ন ডলারেরও কম! বাকি টাকার দাবিতে বিসিবি দ্বারস্থ হয়েছে সিঙ্গাপুরের আরবিট্রেশন কোর্টের। শুনানিতে আদৌ কোনো লাভ হবে কি না কে জানে, তবে নিমবাস চুক্তির শিক্ষাটা নিচ্ছেন বোর্ড সভাপতি মুস্তফা কামাল, ‘আমরা আর একই ভুল করতে চাই না। আন্তর্জাতিকভাবে যাদের এসব আইন-কানুন জানা আছে নতুন চুক্তির কাজটা তাদের নিয়েই করা হবে।’জরুরি সভার আলোচ্যসূচিতে কেবল এই দুটি বিষয় থাকলেও প্রাসঙ্গিকভাবে উঠে এসেছে আরও অনেক কিছু। তানজীব আহসানকে যেমন করা হয়েছে জিম্বাবুয়ে সফরে জাতীয় দলের ম্যানেজার। এ ছাড়া অনেক বোর্ড পরিচালকও নাকি মেয়াদ শেষের সফরগুলোয় বিদেশ সফরের প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন। কে কোন সফরে যাবেন, এ নিয়ে রীতিমতো কাড়াকাড়ির মতো অবস্থাই নাকি হয়েছে। বোর্ড সভার আলোচ্যসূচির ওপর ধারণা নিয়ে আসা পরিচালকের সংখ্যা সব সময়ই হাতেগোনা হলেও আইসিসির এফটিপিটা যেন সবার মুখস্থই!