আয়ারল্যান্ডের জন্য স্পিন ফাঁদ পেতেছে টাইগাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের আসরে আয়ারল্যান্ড এখনো পর্যন্ত একটা দুঃস্বপ্ন হিসেবেই থেকে গেছে বাংলাদেশের কাছে। গত বিশ্বকাপে টাইগাররা হেরে গিয়েছিল ৭৪ রানে। ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও আয়ারল্যান্ডের বাধা টপকাতে পারেনি বাংলাদেশ। হেরে গিয়েছিল ৬ উইকেটে। আগামীকাল আরও একবার সেই আয়ারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে সাকিব বাহিনী। তবে এবার আর আগের দৃশ্যের পুনরাবৃত্তি হবে না বলে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।উপমহাদেশের মাটিতে আয়ারল্যান্ড অবশ্য খুব বেশি সুবিধা করে উঠতে পারেনি কখনোই। শেষবারের মতো মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত তিনটি এক দিনের ম্যাচেই বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হয়ে মাঠ ছাড়তে হয়েছিল আইরিশ ক্রিকেটারদের। আর এটাই এখন সাকিব-তামিমদের সবচেয়ে বড় প্রেরণা হিসেবে কাজ করছে। সাকিব বেশ উদ্ধত ভঙ্গিতেই বলেছেন, ‘আমার মনে হয় না আয়ারল্যান্ড এই কন্ডিশনে খুব বেশি সুবিধা করে উঠতে পারবে।’ তবে তার মানে এই নয় যে সাকিব প্রতিপক্ষকে হালকাভাবে দেখছেন। পরমুহূর্তেই বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমরা অবশ্যই তাদের হালকাভাবে নিচ্ছি না। তারা খুবই ভালো ক্রিকেট খেলে। কিন্তু উপমহাদেশের স্পিনার-বান্ধব কন্ডিশনে আমরাই এগিয়ে থাকব। আমাদের বোলিং আক্রমণ খুবই শক্তিশালী। তারা স্পিন বোলিংয়ের সামনে কিছুটা দুর্বল। আর আমরা এই স্পিন দিয়েই তাদের ঘায়েল করার চেষ্টা করব।’বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮৭ রানের হার স্বীকার করতে হয়েছে বাংলাদেশকে। কোয়ার্টার ফাইনালের আশা জিইয়ে রাখতে হলে তাই আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে জেতার কোনো বিকল্প নেই। এটাও খুব ভালোমতোই মাথায় আছে সাকিবের। বলেছেন, ‘আগামীকালের ম্যাচটা আমাদের জিততেই হবে। যদি আমরা জিততে না পারি, তাহলে কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে।’ ওয়েবসাইট।