আয়ারল্যান্ডের বদলে যাওয়ার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিবিয়ান বিশ্বকাপে ১৫ জনের দলটি ছিল নানা পেশার খেলোয়াড়ের সমাহার। স্কুলশিক্ষক, ডেকোরেটর, ডাকপিয়ন, ডাক্তার, ইঞ্জিনিয়ার—কে ছিল না ওই দলটিতে? বিচিত্র সব পেশাদারের ওই দলটিই পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছিল ক্রিকেট বিশ্বকে। ইনজামাম-উল-হকের দলকে ছিটকে দিয়েছিল বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই। দ্বিতীয় রাউন্ডে তাদের কাছে হেরেছিল বাংলাদেশ। সেই হারের ক্ষতে এই সেদিন মিরপুরে একটু প্রলেপ বুলাল সাকিব-তামিমের দল। বিশ্ব ক্রিকেটের সমাজপতিদের ভ্রু কুঁচকে দেওয়া এই দলটির নাম আয়ারল্যান্ড। চার বছর পর ওই দলটিই আমূলে বদলে গেছে। দলের ১৩ জনই পেশাদার ক্রিকেটার। তাঁরা খেলেন সারে, সমারসেট, সাসেক্স, নটিংহামশায়ার, নর্দাম্পটনশায়ার ও মিডেলসেক্সে। পেশাদারির এই বিস্তৃতি দলটির ওপর প্রত্যাশার চাপ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। তবে আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড বলেছেন, চাপ বাড়িয়ে দিয়েছে তাঁদের আত্মবিশ্বাসও, ‘পেশাদারির কারণে আমাদের ওপর চাপ যেমন বেড়েছে, বেড়েছে আত্মবিশ্বাসও।’আয়ারল্যান্ডের বদলে যাওয়ার পেছনে ২০০৭ বিশ্বকাপই জ্বালানি জুগিয়েছে। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়টাই আইরিশদের চোখে এঁকেছে বড় ক্যানভাসের ছবি। ওই ম্যাচে নিয়াল ও’ব্রায়েনের বীরোচিত ৭২ রানের ইনিংসটি ছিল কেন্দ্রবিন্দুতে। পোর্টারফিল্ডও মানছেন, আয়ারল্যান্ডকে বদলে দিয়েছে ওই বিশ্বকাপ, ‘২০০৭ বিশ্বকাপে আমাদের মূল লক্ষ্য ছিল ক্রিকেট মানচিত্রে আয়ারল্যান্ডের নাম লেখানো। আমরা সেটা করতে পেরেছি। আইরিশদের ক্রীড়া ইতিহাসে আমরা আবারও নতুন কিছু যোগ করতে চাই।’গ্লস্টারশায়ারের এই খেলোয়াড় আরও বলেন, আয়ারল্যান্ডের বিশ্বকাপ দলটির সাতজন ক্রিকেটারই কাউন্টিতে খেলছেন। ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে আছেন এঁরাই। তবে সবচেয়ে ভালো হতো, যদি ১০-১৫ জন খেলেয়াড় বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ থাকতেন। অপেশাদার দুই ক্রিকেটারের মধ্যে অ্যান্ড্রু হোয়াইট স্কুলশিক্ষক, আর রেস্তোরাঁয় কাজ করছেন নাইজেল জোন্স। তাঁরা দুজনই মাঠে ভালো করছেন বলে পোর্টারফিল্ড উচ্ছ্বসিত। কোচ ফিল সিমন্সও দলের উন্নতিতে খুশি, ‘দলটি অনেক পরিণত হয়েছে। তবে আরও ভালো করতে টেস্ট খেলুড়ে দলগুলোর সঙ্গে বেশি বেশি খেলতে হবে।’যেকোনো খেলাতেই ইংল্যান্ড-আয়ারল্যান্ড মানেই বাড়তি উত্তেজনা। কেভিন ও’ব্রায়েন যেমন বলছিলেন, ‘ইংল্যান্ড-আয়ারল্যান্ডের যেকোনো খেলাই চরম উত্তেজনাপূর্ণ। দীর্ঘদিন ধরে এটা চলে আসছে।’ ওয়েবসাইট।