আয়ারল্যান্ডের রোমাঞ্চকর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬০ রানের দারুণ ইনিংস খেলার পথে আইরিশ ব্যাটসম্যান পল স্টার্লিং।
৬০ রানের দারুণ ইনিংস খেলার পথে আইরিশ ব্যাটসম্যান পল স্টার্লিং।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ একপেশে হলেও টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে গিয়ে রোমাঞ্চের ছোঁয়া পেল দর্শক। সিলেটে অনুষ্ঠিত জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের ম্যাচটি পুরোটো সময় দুলল পেন্ডুলামের মতো। স্নায়ুক্ষয়ী ম্যাচে আয়ারল্যান্ড জিতল ৩ উইকেটে।
জিম্বাবুয়ের ছোড়া ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে আইরিশরা ১৪.৩ ওভারেই তুলে ফেলল ২ উইকেটে ১২৯। একটা সময় দরকার ছিল ৩৬ বলে ৩৬। হাতে ৮ উইকেট। এখানেই ম্যাচের নাটকীয় মোড়। একপর্যায়ে ১২ বলে ৭। এরপর এক বলে ১ রান।
শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ বলে পানিয়াঙ্গারার বল ব্যাটে ছোঁয়াতে পারলেন না আইরিশ ব্যাটসম্যান অ্যালেক্স কুস্যাক। জিম্বাবুয়ের অধিনায়ক-উইকেটরক্ষক ব্রেন্ডন টেইলর বল ছুড়ে মারতেই পড়িমড়ি করে ছুটলেন দুই আইরিশ ব্যাটসম্যান। পৌঁছাতে গিয়ে পিচের ওপরই হুড়মুড়িয়ে পড়লেন টম্পসন। সব জিম্বাবুয়ের খেলোয়াড় তখন ঘিরে ধরেছেন ব্যাটসম্যানদের। তবুও আটকানো গেলো না আইরিশদের জয়। স্নায়ুক্ষয়ী ম্যাচ তারা জিতল ৩ উইকেটে। যে টেইলর দারুণ অর্ধশতক করে জিম্বাবুয়েকে দিয়েছিলেন লড়াই করার পুঁজি। সেই টেইলর শেষ মুহূর্তে স্টাম্পে বল লাগাতে ব্যর্থ হয়ে ডোবালেন দলকে!
এর আগে টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড। টেইলরের ৫৯ রানের সুবাধে চ্যালেঞ্জিং স্কোর পায় জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ৫ উইকেটে ১৬৩। 
১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে আয়ারল্যান্ডের শুরুটা বেশ ভালো হলেও ম্যাচের মূল উত্তেজনা তৈরি হয় শেষ ৫ ওভারে। আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৬০ করে ম্যাচ সেরা পল স্টার্লিং।