আয়ারল্যান্ডের সঙ্গে জিম্বাবুয়ে সফরও!
ক্রিকেট-খরার দীর্ঘ সময়ে একপশলা বৃষ্টির স্বাদ হয়তো পেতে যাচ্ছে বাংলাদেশ। জুলাইয়ের আয়ারল্যান্ড সফরটা সম্ভবত হচ্ছে। প্রস্তাবিত সফরটি নিয়ে আশা অনেকটাই স্তিমিত হয়ে গিয়েছিল আইসিসির তহবিল না পাওয়ায়। তবে আইসিসি হাইপারফরম্যান্স কর্মসূচির সেই তহবিলটা অবশেষে পেয়ে গেছে ক্রিকেট আয়ারল্যান্ড। সম্ভাবনা আছে আরও ক্রিকেটের। জুনের মাঝামাঝি জিম্বাবুয়েতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হতে পারে একটি ত্রিদেশীয় সিরিজও।গত বৃহস্পতিবার বিসিবির কাছে সিরিজের প্রস্তাবিত সূচি পাঠিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। মোট পাঁচটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডের বিপক্ষে একটি করে। আয়ারল্যান্ডে ১০ দিনের সফরে তিনটি ওয়ানডের আগে থাকবে একটি প্রস্তুতি ম্যাচও। বাকি ম্যাচ দুটি হবে স্কটল্যান্ডে। শেষ পর্যন্ত তহবিল পাওয়ায় ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রমের কণ্ঠে ছিল স্বস্তি। আইসিসির তহবিলের পরও অবশ্য নিজেদের তহবিল থেকে কিছু খরচ করতে হবে আইরিশ বোর্ডকে, ‘এই তহবিলে তিনটি স্বাগতিক দেশেরই উপকার হবে। বাকিটা আমাদের নিজেদেরই দিতে হবে। আমরা এখন বিসিবির সবুজ সংকেতের অপেক্ষা করছি।’প্রস্তাবিত সফর দুটি নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা ব্যবস্থাপক সাব্বির খান বলেছেন, ‘দুটি সফর এখনো আলোচনার পর্যায়ে আছে। আমরা বোর্ডের অনুমোদনের অপেক্ষায় আছি।’ ক্রিকেটবিহীন সময়ে বোর্ডের অনুমোদন না পাওয়ার কোনো কারণ সম্ভবত নেই। নিশ্চিত হয়ে গেছে আরেকটি সফরও। ২৫ আগস্ট ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে একটি আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবে বিসিবি একাদশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বলে বিসিবি একাদশের মোড়কে খেলবে আসলে জাতীয় দলই।