আয়োজক তালিকা থেকে বাংলাদেশ বাদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) তাদের বয়সভিত্তিক টুর্নামেন্টের আয়োজকের তালিকা থেকে বাংলাদেশের নাম কেটে দিয়েছে। বাংলাদেশের টেনিসের জন্য যা খারাপ খবরই। আইটিএফ ১৪ থেকে ১৮ বয়সীদের তিনটি লেগ দীর্ঘদিন ধরে আয়োজন করে আসছিল বাংলাদেশ। একটি ঢাকায়, একটি রাজশাহীতে, একটি বিকেএসপিতে। ঢাকায় ২৩ বার, রাজশাহীতে ১৭-১৮ বার, বিকেএসপিতে হয়েছে ৭ বার। কিন্তু গত ফেব্রুয়ারিতে এক ইসরায়েলি খেলোয়াড়কে বাংলাদেশ ভিসা না দেওয়ায় ঢাকা আর রাজশাহী ভেন্যু বাতিল করে দিয়েছে আইটিএফ। বিকেএসপির টুর্নামেন্টটি শর্ত সাপেক্ষে আয়োজন করা যেতে পারে। তবে শর্তটি বেশ কঠিন।গত ফেব্রুয়ারিতে ঢাকায় সর্বশেষ আইটিএফ টুর্নামেন্টে ইসরায়েলের এক কিশোরী খেলোয়াড় নাম নিবন্ধন করেছিল। আগে আয়োজক দেশে নিবন্ধন করা হলেও এখন আইটিএফেই নিবন্ধন করতে হয়। আইটিএফের নিয়ম অনুসারে নিবন্ধিত খেলোয়াড়ের ভিসার ব্যবস্থা অবশ্যই করতে হবে আয়োজক দেশকে। ইসরায়েলের সেই কিশোরী ভারতে একটা টুর্নামেন্ট খেলতে গিয়ে সেখানেই বাংলাদেশ হাইকমিশনে ভিসার জন্য যায়। কিন্তু ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক না থাকায় তাকে ভিসা দেওয়া হয়নি।মেয়েটি আইটিএফের কাছে এর প্রতিকার চায়। আইটিএফের জুনিয়র কমিটি বাংলাদেশ টেনিস ফেডারেশনকে চিঠি দিয়ে ভিসার ব্যবস্থা করতে বলে। বাংলাদেশ টেনিস ফেডারেশন বিষয়টা পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানালেও কাজ হয়নি। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকায় ভিসা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেয় দুই মন্ত্রণালয়ই।এ ঘটনায় আইটিএফের জুনিয়র কমিটি বাইলজ অনুযায়ী ঢাকা ও রাজশাহীর ভেন্যু বাতিল করে দিয়েছে। এই দুই ভেন্যুতে হতো গ্রুপ-৩-এর খেলা। বিকেএসপিতে হতো গ্রুপ-৪-এর খেলা। বিকেএসপিতে এখন এক ধাপ নিচের টুর্নামেন্ট গ্রুপ-৫-এর খেলা দেওয়া হয়েছে। শর্ত হচ্ছে, ইসরায়েলি খেলোয়াড় নিবন্ধন করলে ভিসা নিশ্চিত করতে হবে বাংলাদেশকে। নইলে বিকেএসপির ভেন্যুও বাতিল এবং গুনতে হবে জরিমানাও।বাংলাদেশকে ৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে একই সঙ্গে। বাংলাদেশ সিদ্ধান্ত বাতিলের আবেদন করেছে, তবে আইটিএফ তেমন সাড়া দেয়নি। কেবল জরিমানা কমানো হয়েছে আড়াই হাজার ডলার।বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ আইটিএফের কঠোর সিদ্ধান্তে হতবাক, ‘ভিসার ব্যাপারটা ফেডারেশনের হাতে নেই। ভিসা সরকারই দেয়। আমাদের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকায় কোনো ইসরায়েলিকে ভিসা দেওয়া সম্ভব নয়। এখন ফেডারেশন কী করতে পারে? আইটিএফের কাছে দুবার আবেদনেও কাজ হয়নি, আবারও আবেদন করব।’