ইংলিশ উপহারে কিউই-উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রেন্ডন ম্যাককালাম হয়তো মুচকি হাসছেন। কখনো কখনো টস জয় যে অভিশাপ আর হারাটা আশীর্বাদ, গত টেস্টে ভালোই টের পেয়েছিলেন কিউই অধিনায়ক। টস জিতে ফিল্ডিং নেওয়ার পর ইংল্যান্ড প্রথম দিনে করেছিল ২ উইকেটে ২৬৭। ক্রিকেট-বিধাতা কাল যেন আরেকবার প্রমাণ করতে চাইলেন, ক্রিকেট সবাইকে সমতায় ফিরিয়ে আনে। ওয়েলিংটনের ম্যাককালামের জায়গায় তাই অকল্যান্ডে অ্যালিস্টার কুক। টস জিতে ইংলিশ অধিনায়ক ব্যাটিংয়ে পাঠালেন প্রতিপক্ষকে। পিটার ফুলটনের অপরাজিত সেঞ্চুরিতে দিন শেষে নিউজিল্যান্ড ১ উইকেটে ২৫০!ম্যাককালাম টসে জিতলে তিনিও ফিল্ডিং নিতেন। সেই হিসেবে কুককে দায় খুব একটা দেওয়া যায় না। ইডেন পার্কের উইকেট বোকা বানিয়েছে আসলে সবাইকেই। একে তো ড্রপ ইন উইকেট, তার ওপর আবার ঘাসের চাদর। গত শনিবারেই ন্যাশনাল রাগবি লিগের ম্যাচ হয়েছে এখানে। পিচ রিপোর্টে সাইমন ডুল বললেন, ‘ব্যাটসম্যানদের জন্য অপেক্ষা করছে কঠিন সময়।’ আদতে দেখা গেল উল্টো। উইকেট গতিময়, বাউন্সও আছে। কিন্তু মুভমেন্ট নেই ছিটেফোঁটাও। উইকেটের গতি ও সমান বাউন্স বরং ব্যাটসম্যাদেরই বেশি সহায়তা করল। ব্যাটে বল এসেছে দারুণভাবে, শট খেলা গেছে নিশ্চিন্তে। সময় যত গড়াল, মাঠে অসহায় কুক! ৭ বছর পর ইডেন পার্কে টেস্ট। ডানেডিন-ওয়েলিংটন টেস্টে বৃষ্টি বাধা হলেও অকল্যান্ডে চলছে ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা। কিউরেটর মার্ক পারহামের দাবি, রুক্ষ প্রকৃতিই উইকেটকে এমন প্রাণহীন করেছে।তাই বলে কিউ ব্যাটসম্যানদের কৃতিত্ব কেড়ে নেওয়া যাবে না। নিষপ্রাণ উইকেটে ঝুঁকি না নিয়ে সারা দিন উইকেট আঁকড়ে থাকাও তো কৃতিত্বপূর্ণ! ফুলটন-উইলিয়ামসন কাজটি করলেন দারুণ দক্ষতায়। দিনের একমাত্র উইকেটটিও ব্যাটসম্যানের উপহার, স্টিভেন ফিনের অনেক বাইরের বল তাড়া করে স্লিপে ধরা পড়েছেন হামিশ রাদারফোর্ড। লাঞ্চের মিনিট পাঁচেক আগের ঘটনা সেটি। দিনের বাকি সময় মাথা কুটে মরেছেন ইংলিশ বোলাররা, আর সাবধানে রানের রথ ছুটিয়েছেন ফুলটন-উইলিয়ামসন। দুজনের অবিচ্ছিন্ন জুটি ১৭১ রানের!৩৪ বছর বয়সে এসে ক্যারিয়ার পুনরুজ্জীবনের সুযোগটা ফুলটন কাজে লাগালেন দারুণভাবে। আগের ১২ টেস্টে পঞ্চাশ ছুঁতে পেরেছেন মাত্র দুবার, আগের সর্বোচ্চ ৭৫ ছিল সেই সাত বছর আগে। কালকের দিনটি নিঃসন্দেহে তাঁর ক্যারিয়ারের স্মরণীয়তম দিন। প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রায় আট হাজার রানের মালিক অবশেষে পেলেন প্রথম টেস্ট সেঞ্চুরি। আজ এই প্রতিবেদন যখন পড়ছেন, উইলিয়ামসন হয়তো পেয়ে গেছেন চতুর্থ টেস্ট সেঞ্চুরি! ওয়েবসাইট।