ইংলিশ কন্ডিশনে পরাস্ত বাংলাদেশের ব্যাটিং
অ্যালিস্টার কুক, রবি বোপারা, লিয়াম প্লাঙ্কেট, মন্টি পানেসার—ইংল্যান্ড লায়ন্সের খেলোয়াড় তালিকায় এ নামগুলো দেখে ভুল করে সেটাকে ইংল্যান্ডের খেলোয়াড় তালিকাও ভাবতে পারেন। শেষ প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ২২০ রানে অলআউট বাংলাদেশের ব্যাটিং দেখেও মনে হতে পারে, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটাই শুরু হয়ে গেছে কাল থেকে! লর্ডসের পরিবর্তে মাঠটা কেবল বদলে হয়ে গেছে ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব মাঠ।ইংল্যান্ড লায়ন্স মানে ইংল্যান্ড ‘এ’ দল, সেটার চেহারা ইংল্যান্ডের মূল দলের কাছাকাছি হতেই পারে। কিন্তু টসে হেরে সিমিং কন্ডিশনে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ দল প্রতিপক্ষের মর্ম বুঝল কই? চার দিনের ম্যাচে ব্যাটসম্যানরা যেন ঘোড়ায় জিন চাপিয়ে ব্যাট করতে নামলেন! ইনজুরি কাটিয়ে কালই ইংল্যান্ড সফরে প্রথম ম্যাচ খেলতে নামা তামিম ইকবাল বা আগের দুটি প্রস্তুতি ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দেওয়া মোহাম্মদ আশরাফুলের কথাই ধরুন। ইমরুল কায়েসের সঙ্গে ওপেনিং জুটিতে প্রথম ১৬ রানে দুই বাউন্ডারিতে তাঁর একারই ১৫, বাকি ১ রান নো বল থেকে। আর আশরাফুল ১ রান করেই স্টিভ কার্বিকে হাঁটু গেড়ে মারতে গিয়ে কট বিহাইন্ড!উইকেট যথেষ্ট বাউন্সি, কন্ডিশনের কারণে মুভমেন্টও ছিল। খেলা শুরুর আগে সকালে হয়ে যাওয়া অল্প সময়ের ঝিরিঝিরি বৃষ্টি সেটা আরও বাড়িয়ে দিয়ে থাকতে পারে। যদিও বাংলাদেশ ব্যাটসম্যানদের কাছে এসব নতুন অভিজ্ঞতা নয়। অসুস্থতার কারণে শেষ দুটি প্রস্তুতি ম্যাচে মাঠের বাইরে থাকা অধিনায়ক সাকিব আল হাসানসহ এই দলটার পাঁচ ক্রিকেটারই (অন্যরা তামিম, জুনায়েদ, মুশফিকুর ও রুবেল) বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ২০০৮ সালে খেলে গেছেন ডার্বির মাঠে! তার পরও কাল সেই মাঠ সবার কাছেই অপরিচিত ঠেকল, ইংলিশ কন্ডিশনের বাউন্স আর মুভমেন্টের কাছে পরাস্ত বাংলাদেশের ব্যাটিং।বাউন্সারকে জবাব দিতে শট খেলার প্রবণতা, পরিণতিতে ভালো ভালো সব সম্ভাবনার অকালমৃত্যু। বাংলাদেশ ইনিংসের বাউন্ডারির হিসাব দিলে ব্যাটসম্যানদের শট-প্রীতিটা পরিষ্কার হবে আরও। প্লাঙ্কেটের এক ওভারে মাহমুদউল্লাহর মারা দুই ছক্কার সঙ্গে দলের পুরো ইনিংসে চার আছে ৩০টা! ৮৮ বলে ৪২ রান করে ক্রিস ওকসের বলে কট বিহাইন্ড ইমরুলেরই ৭টি বাউন্ডারি। আরেক ওপেনার তামিম ৪৯ বলে ৩৬ রানের ইনিংসে চার মেরেছেন ৬টি। আর প্লাঙ্কেটকে মিড উইকেট দিয়ে মারা ওই দুই ছক্কার সঙ্গে ৫০ বলে ৪০ রান করা মাহমুদউল্লাহর বাউন্ডারি ৫টি। মাহমুদউল্লাহ অবশ্য এলোমেলো ব্যাট চালিয়ে ভালোই করেছেন। ১৫৮ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর শফিউলের সঙ্গে তাঁর ৪৭ রানের অষ্টম উইকেট জুটিটার কারণেই না বাংলাদেশের রানটা দুই শ পেরোল!ওপেনিং জুটিতে তামিম-ইমরুলের ৬৮ ও দ্বিতীয় উইকেটে ইমরুল-জুনায়েদের ৪১ রানের জুটিতে শুরুটাও খারাপ ছিল না। দুই ওপেনারই ধৈর্যের পরীক্ষায় ফেল করে বিদায় নিলেও লাঞ্চের আগে বাংলাদেশের স্কোর ১২৪/২ তাঁদের সৌজন্যেই। সেখান থেকে চা-বিরতির আগেই অলআউট আসলে ইংলিশ কন্ডিশনের কাছে হেরেই।ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে আরও একবার সফল টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা পেসার রবিউল ইসলাম। এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ড লায়ন্সের স্কোর ২ উইকেটে ২৫। কুক ৫ ও অ্যান্ড্রু গেইল ৮ রান নিয়ে উইকেটে। ইনিংসের চতুর্থ ওভারে রবি বোপারা ও মঈন আলীকে পরপর দুই বলে দ্বিতীয় স্লিপে ইমরুলের ক্যাচ বানিয়ে লর্ডস টেস্ট অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন রবিউল।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ: ২২০ (তামিম ৩৬, ইমরুল ৪২, জুনায়েদ ৩০, জহুরুল ২১, আশরাফুল ১, মুশফিক ১, মাহমুদউল্লাহ ৪৪, রাজ্জাক ৫, শফিউল ১৬*, রবিউল ০, রুবেল ৫; বোপারা ৩/৯, কিরবি ৩/৪৯, ওয়াকেস ২/৫৩, প্লাঙ্কেট ২/৬০)। ইংল্যান্ড লায়নস: ২১/২ (কুক ৫*, বোপারা ১২, মইন ০, গেইল ৮*; রবিউল ২/১৫)। (অসমাপ্ত)।