ইংলিশ কোচের ব্যাডমিন্টন একাডেমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যতিক্রমী উদ্যোগ। ইংল্যান্ডের ব্যাডমিন্টন কোচ টিম মাওয়ার এসেছেন বাংলাদেশে একাডেমি গড়তে। এরই মধ্যে কাজও শুরু করে দিয়েছেন ব্রিটিশ ভদ্রলোক। গত সেপ্টেম্বরে চট্টগ্রামে সিজেকেএস জিমনেসিয়ামে এবং সিলেটে একাডেমির কাজ শুরু করে দিয়েছেন।প্রায় দুই শ ছাত্র নিয়ে শুরু হয়েছে একাডেমি। বর্তমানে চট্টগ্রাম একাডেমির কোচের দায়িত্বে আছেন ব্যাডমিন্টন ফেডারেশন ও ওয়ার্ল্ড ব্যাডমিন্টনের অ্যাফিলিয়েটেড কোচ নিখিল ধর। সিলেটের দায়িত্বে সিব্বির আহমেদ। মূলত নিখিলের মাধ্যমেই একাডেমি গড়ার পরিকল্পনা মাওয়ারের। নিখিলের এক বন্ধু ইংল্যান্ডে থাকেন, সেখানেই এক রেস্তোরাঁয় তাঁর সঙ্গে আলাপ মাওয়ারের। মাওয়ার জাম্বিয়ায় একাডেমি গড়ার আগ্রহ প্রকাশ করলে নিখিল প্রস্তাব দেন তা বাংলাদেশে গড়ার। প্রস্তাবটি মনঃপূত হওয়ায় গত সেপ্টেম্বরে চট্টগ্রামে শুরু করেন এই একাডেমির কাজ। স্কুল থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে প্রতি বৃহস্পতি ও শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে প্রশিক্ষণ। বাংলাদেশে একাডেমি করা প্রসঙ্গে মাওয়ার বলেন, ‘গাম্বিয়ায় আমার একটা একাডেমি আছে। কলকাতা ও কাঠমান্ডুতেও একাডেমি করার চিন্তা রয়েছে। উপমহাদেশে আরও একটি একাডেমি করতে বাংলাদেশকে বেছে নিয়েছি। আমি চাই, এখানেও বিশ্বমানের খেলোয়াড় তৈরি হোক।’ ব্যাডমিন্টন ফেডারেশনের সাহায্য ছাড়াই চলছে এই একাডেমি। তবে এই একাডেমিতে খেলার সরঞ্জাম দিয়ে পৃষ্ঠপোষণা করছে ক্রীড়াপণ্য প্রস্তুতকারী সংস্থা লি নিং। প্রতিষ্ঠানের বাংলাদেশের প্রতিনিধি ওহিদুজ্জামান রাজু জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে আমরা মাত্র ২০-২৫ জন খেলোয়াড়কে র‌্যাকেট ও শাটল কর্ক দিয়ে সাহায্য করছি। পরে সংখ্যাটি আরও বাড়তে পারে।’