সাইড লাইনে নিষ্কম্প থাকার প্রতিযোগিতা হলে এই দুজনের মধ্যে কে জিতবেন, বলা মুশকিল। ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি আর আর্সেন ওয়েঙ্গার—দুজনই স্বভাবে নিস্তরঙ্গ নদীর মতো শান্ত। তার পরও সেই অ্যালেগ্রিকে ম্যাচ শেষে দেখা গেল উচ্ছ্বাসে ভেসে যেতে। ওয়েঙ্গারও ‘ভাসছেন’, সেটা শোকসাগরে! প্রথম লেগেই বিড়াল মেরে দিয়েছে এসি মিলান। ফিরতি লেগের আগেই খুলে ফেলেছে ‘ইংলিশ গেরো’। ৪-০ গোলে জিতে এক পা প্রায় দিয়েই রেখেছে কোয়ার্টার ফাইনালে।শুরুটা করেছিলেন জার্মানিতে জন্ম নেওয়া ঘানাইয়ান ফুটবলার কেভিন-প্রিন্স বোয়াটেং। ২৪ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারের ভাবভঙ্গি হলিউডি অ্যাকশন হিরোদের মতো। পরশু প্রথম যে গোলটি করলেন, সেটিকে বলাও হচ্ছে ‘ব্লকবাস্টার গোল’! এমনকি ভাষ্যকারদেরও বুঝে ওঠার আগে চোখের পলকে বুক দিয়ে বল রিসিভ করে দুর্দান্ত ভলি করেছেন। আগুনের গোলার মতো জালে ঢুকে সেই ধাক্কায় বেরিয়েও এসেছে!বোয়াটেং যেন আর্সেনালের আত্মবিশ্বাসেই দিয়েছেন ধাক্কা। এরপর প্রথমার্ধের শেষ আর দ্বিতীয়ার্ধের শুরুতে রবিনহোর জোড়া গোল। ৭৯ মিনিটে পেনাল্টি থেকে জ্লাতান ইব্রাহিমোভিচ ঠুকে দিয়েছেন শেষ পেরেক। পুরো ম্যাচে দুর্দান্ত ছিলেন ঘরোয়া লিগে চড়-থাপড় মেরে তিন ম্যাচ নিষিদ্ধ ‘ইব্রা’। তিনটি গোলেই রয়েছে তাঁর প্রত্যক্ষ অবদান।মিলান জয় করেছে একটা মানসিক বাধাও। গত চার বছরে তিনবারই শেষ ষোলো থেকে তাদের স্বপ্ন খুন হয়েছে ইংলিশ ক্লাবগুলোর হাতে। ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে টানা সাত ম্যাচ পর পরশুই তাদের প্রথম জয়। ২০০৮ সালে সাতবারের চ্যাম্পিয়ন মিলানকে বিদায় করে দিয়েছিল এই আর্সেনালই। তারই যেন শোধ তুলল অ্যালেগ্রির দল।এমন একটা জয়ের পর কোচের বক্তব্য অনুমান করে নেওয়াই যায়। এবং আশ্চর্যের ব্যাপার হলো, আপনি যা অনুমান করেছেন, কোচ বলেছেন তাঁর উল্টো। অ্যালেগ্রি বরং আফসোসই করছেন, ‘আমরা অনেকগুলো সুযোগ পেয়েছিলাম, বিশেষ করে ৪-০ গোলে এগিয়ে যাওয়ার পর। আমরা ৬-০ গোলেও জিততে পারতাম। সুযোগ এলে সেটা মুঠোয় পুরে নেওয়া উচিত, বিশেষ করে ইউরোপে। আরও বেশি গোল পেলেই আমি খুশি হতাম। এটাও ভালো ফল, তবে সেটা আরও ভালো হতে পারত। ফিরতি লেগে একটা গোল পেলেই হবে, আমরা নির্ভার হতে পারব।’ওয়েঙ্গারের প্রতিক্রিয়া, ‘এটা জঘন্য একটা ফল, জঘন্য পারফরম্যান্স। এটা এমন একটা রাত, যেটার কথা কখনো ভোলা যাবে না। ইউরোপে এটাই আমাদের জঘন্যতম রাত। আমরা শাস্তি পেয়েছি, এবং এই শাস্তি আমাদের প্রাপ্যই ছিল। এই ফলাফল একটা ভয়াবহ বিপর্যয়।’মিলানের মতো একপেশে লড়াই হয়নি মস্কোতে। সেখানে ছিল গোল-পাল্টা গোলের রোমাঞ্চ। ২০ মিনিটে এগিয়ে গিয়েছিল বেনফিকা, ২৭ মিনিটে সমতা ফেরান জেনিতের রোমান শিরোকভ। ৭১ মিনিটে জেনিত এগিয়ে যায় সের্গেই সেমাকের গোলে। ৮৭ মিনিটে বেনফিকাকে লড়াইয়ে ফেরান অস্কার কার্দোজো। এক মিনিটের মধ্যেই আবার জেনিতকে এগিয়ে দেন শিরোকভ। শূন্যের নিচে চলে যাওয়া তাপমাত্রায় দর্শকদের বেশ উষ্ণই রেখেছিলেন খেলোয়াড়েরা! এএফপি, রয়টার্স।