ইংলিশ গ্রীষ্মের মন্থর শুরু
সকাল থেকেই চকচকে রোদ, ইংলিশ ক্রিকেট গ্রীষ্মের প্রথম সকালে হেসে উঠল সূর্য। তবে প্রকৃতির মতো ঔজ্জ্বল্য ছড়াতে পারল না ইংলিশ ব্যাটিং। অপেক্ষাকৃত মন্থর উইকেট, অলিম্পিক আর্চারির ধাক্কা এখনো কাটিয়ে উঠতে না পারা আউটফিল্ড আর কিউই বোলারদের নিখুঁত লাইন-লেংথ ডানা মেলতে দেয়নি ইংলিশ ব্যাটসম্যানদের। বিকেল গড়াতেই তাই হয়তো মন ভার প্রকৃতিরও। আকাশ ভেঙে নামা বৃষ্টিতে খেলা শেষ হলো ১০ ওভার আগেই। ইংল্যান্ডের রান ৪ উইকেটে ১৬০, রানরেট মাত্র দুই!
দেশের মাটিতে প্রথম টেস্ট টস জিতে ব্যাটিংয়ে নামেন অ্যালিস্টার কুক। ব্রেন্ডন ম্যাককালামও চাইছিলেন শুরুতে বোলিং। ছোট ছোট সুইংয়ে সাউদি-বোল্টরা উইকেটে বেঁধে রেখেছিলেন কুক-কম্পটনকে। তবে প্রথম সাফল্য আসে স্পিনে। হঠাৎই নিজের চরিত্রের বাইরে ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে ব্রুস মার্টিনকে উইকেট উপহার দেন নিক কম্পটন। প্রথম জুটির মতো পরের প্রতিটি জুটিই শেষ হয়ে গেছে সম্ভাবনা জাগিয়ে। দাঁতে দাঁত চেপে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি কোনো ইংলিশ ব্যাটসম্যান। তিন জুটিতে চল্লিশ পেরিয়েও কোনো জুটিতে হয়নি পঞ্চাশ, তিন ব্যাটসম্যান ত্রিশ পেরিয়েও করতে পারেননি ফিফটি। লাইন-লেংথ আর সুইং বোলিংয়ের পুরস্কারে কিউইরা পেয়েছে প্রথম চার ইংলিশ উইকেট। আজ কিউই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন দুই তরুণ জো রুট ও জনি বেয়ারস্টো। ওয়েবসাইট।