ইংলিশ ঘূর্ণিতে নাজেহাল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ইংলিশ স্পিনার মন্টি পানেসার ও গ্রায়েম সোয়ানের দুর্দান্ত বোলিংয়ে মুম্বাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে স্বাগতিক ভারত। ৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করার পর ৭ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে আজ তৃতীয় দিন শেষ করেছে ধোনি বাহিনী। ভয়াবহ এই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে লড়াই চালিয়ে গেছেন শুধু গৌতম গম্ভীর। ৫৩ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন এই বামহাতি ওপেনার। ইংল্যান্ডের পক্ষে ৫টি উইকেট নিয়েছেন মন্টি পানেসার।অধিনায়ক অ্যালিস্টার কুক ও কেভিন পিটারসেনের ভালো ব্যাটিংয়ের কল্যাণে মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে ৮৬ রানের লিড পেয়েছিল ইংল্যান্ড। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়েছে স্বাগতিক ভারত। ৫২ রান তুলতেই সাজঘরে ফেরেন ওপেনার বীরেন্দর শেবাগ, গত ইনিংসের সেঞ্চুরিয়ান চেতেশ্বর পূজারা ও শচীন টেন্ডুলকার। এরপর খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি ও রবীচন্দ্রন অশ্বিন। গম্ভীর ও অশ্বিন ছাড়া আর কেউই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। তৃতীয় দিন শেষে মাত্র ৩১ রানে এগিয়ে আছে ভারত। আগামীকাল চতুর্থ দিনে ভারতের বাকি তিনটি উইকেট তুলে নিয়ে বেশ সহজেই জয় পেয়ে যেতে পারে সফরকারী ইংল্যান্ড।এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংসটি মিশ্র অনুভূতিই তৈরি করছে। প্রথম ইনিংসে অ্যালিস্টার কুক ও কেভিন পিটারসেনের ইনিংস দুটি বাদ দিন (১২২ ও ১৮৬)। বাকি ব্যাটসম্যানরা মিলে তুলেছেন ৯৮ রান। এবার কম্পটনের ২৯, সামিত প্যাটেলের ২৬ ও ম্যাট প্রায়রের ২১ বাদ দিন। বাকি পাঁচ ব্যাটসম্যানের সংগ্রহ ২২ রান। ‘জনাব অতিরিক্ত’ করেছে ৭ রান। তৃতীয় দিন মুম্বাই টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসের অবস্থা এমনই। ভারতের চেয়ে প্রথম ইনিংসে ৮৬ রানের অগ্রগামিতা থাকলেও অ্যালিস্টার কুক ও কেভিন পিটারসেনের বিদায়ের পর লেট অর্ডারে সেই অগ্রগামিতাকে এগিয়ে নিতে পারেননি অন্য কোনো ব্যাটসম্যানই। নির্দিষ্ট করে বললে ইংল্যান্ডের বাকি ব্যাটসম্যানদের কুক-পিটারসেনের তৈরি করে যাওয়া শক্ত ভিত্তির ওপরে দাঁড়িয়ে খেলতে দেননি ভারতীয় স্পিনাররা। প্রজ্ঞান ওঝা, রবিচন্দ্রন অশ্বিন ও হরভজন সিং—এই তিন স্পিনারই প্রাণভোমরা হয়ে দেখা দিয়েছেন মুম্বাইয়ে। জহির খানের ১৫ ওভার করতে দিতে হবে বলেই দেওয়া। বাকি ওভারগুলো ভাগাভাগি করেছেন ওঝা, অশ্বিন, হরভজন ও যুবরাজ। এর মধ্যে ৯টি উইকেটই তুলে নিয়েছেন ওঝা, অশ্বিন ও হরভজন। প্রজ্ঞান ওঝা এই টেস্টেও ৫ উইকেট শিকার করেছেন। অশ্বিন ও হরভজনের সংগ্রহ ২টি করে।